১৭ জুলাই, ২০২৬
বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় শুধু জানালার গ্রিল নয়, বরং হেঁসেলের ছুরি, কাঁচি, দা কিংবা বঁটির মতো ধাতব বস্তুতেও দ্রুত মরিচা বা জং ধরে। রান্নার নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসের গায়ে কালচে দাগ পড়লে সবজি বা অন্য কিছু কাটতে গিয়ে বেশ বিরক্তি তৈরি হয়। শিরিষ কাগজ দিয়ে ঘষে মরিচা তোলা সব সময় সম্ভব হয় না, বিশেষ করে ধারালো বা বাঁকানো অংশগুলোতে। তবে কোনো খরচ ছাড়াই ঘরে থাকা দুটি সাধারণ উপাদানেই এই সমস্যার সমাধান সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, আলু এবং বেকিং সোডার মিশ্রণ যেকোনো ধাতব জিনিস থেকে মরিচা দূর করতে অত্যন্ত কার্যকর। আলুতে থাকা অক্সালিক অ্যাসিড লোহার মরিচার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তা পরিষ্কার করতে সাহায্য করে। এর সঙ্গে বেকিং সোডা যুক্ত হলে তা এক্সফোলিয়েশন বা ঘষামাজার কাজ করে, যা ধাতুর কোনো ক্ষতি ছাড়াই দাগ দূর করে।
মরিচা দূর করার উপায়
প্রথমে একটি আলু অর্ধেক করে কেটে নিন। এবার কাটা অংশের ওপর পর্যাপ্ত পরিমাণে বেকিং সোডা ছড়িয়ে দিন। মরিচা পড়া জায়গাগুলোতে এই আলু দিয়ে ভালো করে ঘষতে থাকুন। ঘষার সময় দেখবেন আলুর কাটা অংশটি কালো হয়ে আসছে, যা মরিচা দূর হওয়ার লক্ষণ। প্রয়োজনে আলুর ওই অংশটি কেটে বাদ দিয়ে নতুন করে সোডা লাগিয়ে আবারও ঘষুন। পুরো প্রক্রিয়া শেষ হলে আলুর রস ও বেকিং সোডার মিশ্রণটি ওই জায়গায় আরও কয়েক মিনিট রেখে দিন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে শুকনা কাপড় দিয়ে পানি মুছে নিন। এভাবে খুব সহজেই মরিচামুক্ত রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় সরঞ্জামগুলো।