হলদেটে সুইচবোর্ড ঝকঝকে করার ঘরোয়া উপায়

১৭ জুলাই, ২০২৬

বাড়ির সব জায়গা নিয়মিত পরিষ্কার করা হলেও কিছু জায়গা নজর এড়িয়ে যায়। এমন একটি স্থান হলো সুইচবোর্ড। সময়ের সঙ্গে সঙ্গে সুইচবোর্ডে জমে ধুলো, ময়লা, আঙুলের ছাপ, হলদেটে দাগ। ফলে পুরো ঘর ঝকঝকে করলেও সুইচগুলো দেখা যায় পুরনো আর অপরিষ্কার।

তবে এই সুইচ পরিষ্কার করতে দামি ক্লিনারের প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই সহজে এই সুইচবোর্ড পরিষ্কার করা যায়। চলুন বিস্তারিত জেনে নিই- 

সাদা টুথপেস্টেই মিলবে সমাধান

সুইচবোর্ডে হালকা ময়লা বা হলদে দাগ জমলে তা দূর করতে সাধারণ সাদা টুথপেস্ট ব্যবহার করতে পারেন। একটি পুরনো টুথব্রাশে সামান্য টুথপেস্ট লাগিয়ে আলতো করে সুইচবোর্ডের ওপর ঘষুন। বিশেষত কোণা ও ধারের অংশ ভালোভাবে পরিষ্কার করুন। এরপর একটি শুকনো ও পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। কয়েক মিনিটের মধ্যেই সুইচবোর্ড পরিষ্কার ও চকচকে দেখাবে। 

লেবু ও লবণের মিশ্রণ

সুইচবোর্ডে বেশি ময়লা জমলে তা দূর করতে লেবু ও লবণের মিশ্রণ ব্যবহার করবেন। লেবুর প্রাকৃতিক অ্যাসিড জমে থাকা ময়লা নরম করে, আর লবণ হালকা স্ক্রাবারের মতো কাজ করে। একটি অর্ধেক কাটা লেবুর ওপর লবণ ছড়িয়ে সুইচবোর্ডে আলতো ভাবে ঘষুন। তারপর শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। এতে প্লাস্টিকের ক্ষতি না করেই সহজে ময়লা দূর করা যায়। 

নেইলপলিশ রিমুভার

কখনো কখনো সুইচবোর্ডে কালির দাগ বা পুরনো কালচে ছোপ পড়ে যায়, যা সাধারণভাবে পরিষ্কার হয় না। এক্ষেত্রে অল্প পরিমাণ নেইলপলিশ রিমুভার তুলা বা নরম কাপড়ে নিয়ে দাগের জায়গা আলতো করে মুছে নিন। এতে থাকা অ্যাসিটোন শক্ত দাগ তুলতে সাহায্য করে। তবে এটি খুব কম পরিমাণে ব্যবহার করুন এবং আগে সুইচবোর্ডের কোনো কম দৃশ্যমান অংশে পরীক্ষা করে নিন। কারণ অতিরিক্ত অ্যাসিটোন প্লাস্টিকের ফিনিশ নষ্ট করতে পারে।