১৯ নভেম্বর, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি মালবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৯ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও কাভার্ডভ্যানটির সামনের অংশ এবং পেছনে থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত দেড়টার পর খবর পেয়ে তারা ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ডভ্যানটি চট্টগ্রাম থেকে কার্টন ভর্তি মালামাল নিয়ে ছেড়ে এসেছিল। এটি ‘ডায়মন্ড কার্গো সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের পরিবহন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একটি টিম। মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা গেছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীদেরও।
পুলিশ ও ফায়ার সার্ভিস ধারণা করছে, আগামী ৪৮ ঘণ্টার হরতালকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ সংগঠনের লোকজন এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটাতে পারে।