০৮ নভেম্বর, ২০২৬
নেত্রকোনার হাওরাঞ্চল মদন উপজেলায় নিখোঁজের দুইদিন পর মগড়া নদীতে মিলল আব্দুল লতিফ (৫৫) নামের এক ব্যক্তির ভাসমান মরদেহ। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী বাজার সংলগ্ন দক্ষিণ বালালী গ্রামের সামনে থেকে মরদেহটি উদ্দার করা হয়। ওই এলাকার আলম মিয়ার বসতবাড়ির পশ্চিম পাশে মগড়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। মৃত ব্যক্তি দক্ষিণ বালালী গ্রামের মৃত লাবু হাজীর ছেলে। মরদেহটি তার স্ত্রী, পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান শনাক্ত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ নভেম্বর রাতে বিদ্যুৎ চলে যায়। প্রচন্ড গরমে আনুমানিক সাড়ে ১০টার দিকে ঘর থেকে বাইরে যান আব্দুল লতিফ। এরপর থেকে তিনি আর বাড়িতে ফিরে আসেননি। তখন থেকে নিখোঁজ থাকার দুই দিন পর নদীতে তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
এ ব্যাপারে মদন থানা ওসি সালাহ উদ্দীন জানান, প্রাথমিকভাবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হলেও তারা কোন জিডি করেননি। অর্ধগলিত হওয়ায় তেমন কিছু বোঝাও যাচ্ছেনা। মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি কা হচ্ছে। তদন্ত চলছে।
ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।