০৯ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা শরণার্থীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের(এসআরবি) সদস্যরা। রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গেফতার করা হয়।
তারা হলেন, আনোয়ারা বেগম (৪৮) ও তার ছেলে মোতাহার হোসেন (১৯)। তারা কক্সবাজারের উখিয়ার কুতুপালং পুরোনো নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।
এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, কয়েকজন মাদক কারবারি বারইয়ারহাট বাজার এলাকায় গাঁজাসহ কক্সবাজার যাওয়ার জন্য গাড়ির জন্য অপেক্ষা করছেন এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক নারী ও এক তরুণ দুটি কাঁধের ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে তিন বান্ডিলে মোড়ানো ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা।
তিনি আরও জানান, গ্রেফতার মা ও ছেলে দীর্ঘদিন ধরে ফেনী ও চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে বেশি দামে বিক্রি করে আসছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে