০৯ নভেম্বর, ২০২৬
‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর সার্কেলের পুলিশ কর্মকর্তা আজমল হোসেন এবং জেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. রেজাউল করিম।
জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম।
কোনো জেলার খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও নিরাপত্তাসহ বিভিন্ন খাতের পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম পরিসংখ্যানের ওপর নির্ভরশীল।
আলোচনায় জেলা পরিসংখ্যান কর্মকর্তা বলেন, রাজবাড়ী জেলার মোট জনসংখ্যা ১১ লাখ ৮৯ হাজার ৮১৮ জন। জেলায় প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ৬৩ জন, যেখানে জাতীয় পর্যায়ে এ হার ১ হাজার ১১৯ জন।
জেলায় দারিদ্র্যের হার ২৭ দশমিক ৮০ শতাংশ, যা জাতীয় পর্যায়ের ১৮ দশমিক ৭০ শতাংশের চেয়ে বেশি। জেলায় শিক্ষার হার ৬৯ দশমিক ৪৯ শতাংশ, যেখানে জাতীয় পর্যায়ে এ হার ৭৪ দশমিক ৮০ শতাংশ।
জেলায় প্রতিবন্ধীতার হার ১ দশমিক ৪৪ শতাংশ, যা জাতীয় পর্যায়ে ১ দশমিক ৩৭ শতাংশ।
সভায় আরও জানানো হয়, দেশে গড়ে ৮৯ দশমিক ৬০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন এবং ৫৯ দশমিক ২০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।
দেশে খানাপ্রতি মাসিক গড় আয় ৩২ হাজার ৪২২ টাকা এবং গড় ব্যয় ৩১ হাজার ৫০০ টাকা। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান ১১ দশমিক ৭০ শতাংশ, শিল্প খাতের ৩৪ দশমিক ৩০ শতাংশ এবং সেবা খাতের অবদান ৫৪ শতাংশ। বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু প্রায় ৭৪ দশমিক ৯ বছর।