দেশে মুক্তি পেল সাড়া জাগানো তুর্কি সিনেমা
ফাইল ছবি
তুর্কি টিভি সিরিজের জনপ্রিয়তার পর আন্তর্জাতিক দর্শকদের মধ্যে দেশটির সিনেমা নিয়েও আগ্রহ বাড়ছে। নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আধুনিক নির্মাণশৈলীর মেলবন্ধন ঘটিয়ে তুর্কি নির্মাতারা তৈরি করছেন ভিন্নধর্মী সব সিনেমা।
প্রেম, পারিবারিক সম্পর্ক ও সামাজিক গল্পের পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভৌতিক সিনেমা দিয়েও দর্শকদের আকৃষ্ট করছে তুরস্ক।
সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে তুরস্কের আলোচিত হরর সিনেমা ‘সয়’। আজ ১৩ নভেম্বর (শুক্রবার) সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে।
অতিপ্রাকৃত হরর ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন ম্যাক্সিম আলেকজান্দ্রে।
পারিবারিক অভিশাপ, প্রাচীন মিসরের রহস্য, অশুভ শক্তি ও একটি রহস্যময় প্রাসাদকে ঘিরে আবর্তিত হয়েছে এর গল্প।
সিনেমার গল্পের শুরু প্রায় ৬০ বছর আগে মিসরের একটি প্রাচীন সমাধি লুণ্ঠনের ঘটনা দিয়ে। সেখানে মুরাত নামের এক ব্যক্তি একটি প্রাচীন চিত্রকর্ম খুঁজে পান। কিন্তু সেটি আবিষ্কারের মধ্য দিয়েই অজান্তে এক ভয়ংকর অভিশাপের সূত্রপাত ঘটান তিনি।
সেই অভিশাপের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইস্তাম্বুলের একটি অন্ধকার প্রাসাদে বন্দিজীবন কাটাতে হয় তাকে।
বহু বছর পর মৃত্যুশয্যায় থাকা মুরাত তার নাতি ক্যানকে সেই প্রাসাদে ডেকে পাঠান। দাদার ডাকে প্রেমিকা বাসাক ও কয়েকজন বন্ধুকে নিয়ে সেখানে হাজির হয় ক্যান। কিন্তু প্রাসাদে পৌঁছানোর পরই বদলে যেতে থাকে পরিস্থিতি। ঘন কুয়াশা পুরো প্রাসাদকে বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলে।
এরপর ধীরে ধীরে সামনে আসতে থাকে পরিবারের অতীতের অজানা ও ভয়ংকর সব অধ্যায়।
প্রাসাদের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন মিসরের এক অভিশাপ। অভিশপ্ত একটি চিত্রকর্মের মাধ্যমে আবারও জেগে ওঠে অশুভ শক্তি। এরপর বন্ধুদের মধ্যে অবিশ্বাস, বিশ্বাসঘাতকতা এবং একের পর এক অতিপ্রাকৃত আক্রমণে বাড়তে থাকে আতঙ্ক। শেষ পর্যন্ত বাসাককে এমন এক সিদ্ধান্ত নিতে হয়, যার ওপর নির্ভর করছে পুরো পরিবারের ভবিষ্যৎ।
‘সয়’ সিনেমার অন্যতম আকর্ষণ প্রাচীন মিসরের অভিশাপ, রহস্যময় প্রাসাদ এবং বংশপরম্পরায় বয়ে চলা অন্ধকার ইতিহাস। মনস্তাত্ত্বিক ভয়ের পাশাপাশি অতীতের পাপ ও বিশ্বাসঘাতকতার বিষয়গুলোও গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তুর্কি হরর সিনেমায় প্রচলিত জিননির্ভর গল্পের বাইরে গিয়ে প্রাচীন মিসরের অভিশাপ ও পারিবারিক রহস্যকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় সিনেমাটি আলাদা আগ্রহ তৈরি করেছে।