টেস্টের শীর্ষ অলরাউন্ডার হলেন অক্টোবরের সেরা

টেস্টের শীর্ষ অলরাউন্ডার হলেন অক্টোবরের সেরা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা হয়েছিলেন। তিন টেস্টে দুটি হাফ সেঞ্চুরি ও বল হাতে দারুণ নৈপুণ্য দেখান মার্কো ইয়ানসেন। রবীন্দ্র জাদেজাকে নামিয়ে হয়েছিলেন আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডার। এবার জিতলেন আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে ও পাকিস্তানের আরাফাত মিনহাসকে পরাজিত করে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় হয়েছেন ইয়ানসেন। অজিদের বিপক্ষে তিন ম্যাচ খেলে ১০ উইকেট নেন ইয়ানসেন। সিরিজে করেন ১৪৬ রান। দল বিপদে পড়লেও সবসময় লোয়ার মিডল অর্ডারে হাল ধরেন। দ্বিতীয় টেস্টে অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে অসাধারণ এক জুটিতে দলের ধস থামান এবং ম্যাচ জেতাতে সাহায্য করেন।

মাসসেরা হয়ে ইয়ানসেন বলেছেন, ‘আইসিসি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা আমার জন্য একটি বিরাট সম্মান, বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের পর। এটি আমার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সিরিজ ছিল এবং দলের সাফল্যে অবদান রাখতে পারাটা একে আরও বিশেষ করে তুলেছে। এই স্বীকৃতি পাওয়াটাও আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়।’