সাইবার হামলা ঠেকাতে নতুন দুটি এআই টুল আনল ওপেনএআই
সংগৃহীত ছবি
সাইবার হামলার আগেই সফটওয়্যারের নিরাপত্তাত্রুটি শনাক্ত ও সমাধানে নতুন দুটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) টুল চালু করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির নতুন এই টুলগুলো ব্যবসাপ্রতিষ্ঠানকে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষায় সহায়তা করবে।
হ্যাকাররা যাতে সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে হামলা চালাতে না পারে, সে লক্ষ্যেই এগুলো তৈরি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআইয়ের ‘ডেব্রেক’ (Daybreak) নিরাপত্তা প্ল্যাটফর্মের অংশ হিসেবে টুল দুটি চালু করা হয়েছে। এগুলোর নাম ‘ডেব্রেক রেড টিম’ (Daybreak Red Team) ও ‘ডেব্রেক ডিফেন্স ফ্যাক্টরি’ (Daybreak Defense Factory)।
ওপেনএআইয়ের দাবি, এআই এজেন্ট ব্যবহার করে টুলগুলো সফটওয়্যারের সম্ভাব্য দুর্বলতা পরীক্ষা, নিরাপত্তাঝুঁকি বিশ্লেষণ এবং সেগুলো সমাধানের প্রস্তাব তৈরি করতে পারবে।
ফলে হ্যাকাররা কোনো দুর্বলতা কাজে লাগানোর আগেই প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে।
বৃহস্পতিবার এক বক্তব্যে ওপেনএআইয়ের প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান বলেন, প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা অনেকটাই নির্ভর করবে সুরক্ষার কাজে তারা কতটা উন্নত এআই মডেল ব্যবহার করছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে কাজে লাগাতে পারছে তার ওপর। প্রচলিত সাইবার নিরাপত্তাব্যবস্থা গুরুত্বপূর্ণ হলেও উন্নত এআইয়ের সক্ষমতার সঙ্গে তাল মেলাতে প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিরাপত্তা কৌশল নতুন করে ভাবতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সফটওয়্যারের দুর্বলতা খুঁজবে ডেব্রেক রেড টিম
নতুন টুল দুটির প্রথমটি হলো ডেব্রেক রেড টিম।
এটি মূলত ওয়েব অ্যাপ্লিকেশনের নিরাপত্তাত্রুটি শনাক্ত ও পরীক্ষা করার জন্য তৈরি। একাধিক এআই এজেন্টের সমন্বয়ে এটি কোনো অ্যাপ্লিকেশনের সোর্স কোড ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য দুর্বলতা খুঁজে বের করতে পারে।
সহজভাবে বললে, এটি স্বয়ংক্রিয় পেনিট্রেশন টেস্টিং দলের মতো কাজ করবে। অর্থাৎ, হ্যাকাররা আক্রমণ করার আগেই প্রতিষ্ঠানগুলো নিজেদের সফটওয়্যারে সম্ভাব্য হামলার পথ পরীক্ষা করতে পারবে।
এ ছাড়া প্রচলিত কোড স্ক্যানার, বাগ বাউন্টি প্রোগ্রাম ও বিভিন্ন নিরাপত্তা প্রতিবেদন থেকে পাওয়া তথ্যও যাচাই করতে পারবে টুলটি।
কোনো দুর্বলতা শনাক্ত হওয়ার পর সেটি সমাধান করা হলে নতুন করে পরীক্ষা চালিয়ে দেখা যাবে, সংশোধনটি কার্যকর হয়েছে কি না।
ওপেনএআই জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো নির্ধারণ করতে পারবে এআই এজেন্ট কোন কোন অ্যাপ্লিকেশন ও ঠিকানায় প্রবেশ করতে পারবে। অনুমোদিত সীমার বাইরে পরীক্ষা ঠেকাতে এতে আলাদা পরিবেশ ও অতিরিক্ত পর্যালোচনার ব্যবস্থাও রয়েছে। বর্তমানে প্রাথমিক প্রবেশাধিকার কর্মসূচির মাধ্যমে টুলটি ব্যবহার করা যাচ্ছে।
নিরাপত্তাত্রুটি সমাধানে সহায়তা করবে ডিফেন্স ফ্যাক্টরি
দ্বিতীয় টুল ডেব্রেক ডিফেন্স ফ্যাক্টরির কাজ হলো শনাক্ত হওয়া নিরাপত্তাত্রুটি সমাধানে সহায়তা করা। এটি প্রতিষ্ঠানের সোর্স কোড বিশ্লেষণ করে দুর্বলতার উৎস খুঁজে বের করতে এবং তা সংশোধনের জন্য কোড পরিবর্তনের প্রস্তাব তৈরি করতে পারে।
ধরা যাক, কোনো নিরাপত্তা স্ক্যানের মাধ্যমে একটি সফটওয়্যারে দুর্বলতা শনাক্ত হলো। ডিফেন্স ফ্যাক্টরি সেই সমস্যার কারণ অনুসন্ধান করে সম্ভাব্য সমাধান হিসেবে কোডের পরিবর্তন প্রস্তাব করতে পারবে। এরপর ডেভেলপাররা প্রস্তাবটি পরীক্ষা ও পর্যালোচনা করে অনুমোদন দিলে সেটি সফটওয়্যারে যুক্ত করা যাবে।
ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, বিদ্যমান নিরাপত্তা টুল এবং ডেব্রেক রেড টিমের শনাক্ত করা সমস্যার তথ্য নিয়েও কাজ করতে পারবে ডিফেন্স ফ্যাক্টরি। নতুন কোড যুক্ত হলে স্বয়ংক্রিয় পরীক্ষা চালানো কিংবা নির্দিষ্ট সময় পরপর নিরাপত্তা যাচাইয়ের ব্যবস্থাও রাখা যাবে।
কেন এমন উদ্যোগ নিচ্ছে ওপেনএআই?
এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে সাইবার হামলার ধরনও বদলাচ্ছে। শক্তিশালী এআই ব্যবহার করে হ্যাকাররা সফটওয়্যারের দুর্বলতা দ্রুত খুঁজে বের করা এবং স্বয়ংক্রিয়ভাবে হামলা পরিচালনার সুযোগ পেতে পারে। এ কারণে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি এআইনির্ভর প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্ব বাড়ছে।
নতুন টুল দুটির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো নিজেদের সফটওয়্যারের নিরাপত্তা যাচাই এবং দুর্বলতা দ্রুত সমাধানের সুযোগ পাবে বলে আশা করছে ওপেনএআই। তবে এআই টুল ব্যবহার করলেই সাইবার হামলার ঝুঁকি পুরোপুরি দূর হবে না; কার্যকর নিরাপত্তার জন্য নিয়মিত পরীক্ষা, মানবীয় পর্যালোচনা ও প্রচলিত সুরক্ষাব্যবস্থাও জরুরি।