ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনে ২৯০ জনের নামে মামলা
ফাইল ছবি
ফরিদপুরের ভাঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে আসামি হিসাবে ২৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আসামি করা হয়েছে আরো অজ্ঞাত ১২০ থেকে ১৫০ জনকে।
ভাঙ্গা পৌরসভার গজারিয়া গ্রামের বাসিন্দা মো. হাবিব (৪১) বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বর্তমান ও সাবেক নেতা-কর্মী, বর্তমান ও সাবেক বেশ কয়েকজন জনপ্রতিনিধিকে আসামি করা হয়েছে।
আসামিদের অধিকাংশই ভাঙ্গার বাসিন্দা। ভাঙ্গার বাইরেও ফরিদপুরের সদর, নগরকান্দা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার কয়েকজন আসামির তালিকায় আছেন।
জানা গেছে, সোমবার (০৯ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নুরপুর মহল্লায় চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদের বাড়ি সংলগ্ন সড়কে ২৫ থেকে ৩০ জন মশাল মিছিল করে।
মিছিল থেকে পুলিশ একটি ব্যানার উদ্ধার করে। ব্যানারে স্বেচ্ছাসেবক লীগের নাম লেখা রয়েছে।
মিছিলের ভিডিওতে দেখা যায়, মিছিল চলাকালে স্থানীয় বিএনপির সমর্থকেরা মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয় ও মিছিল থেকে তিন কিশোরকে আটক করে পুলিশে দেয়।
সোমবার দিবাগত রাতে ভাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মশাল মিছিল অংশগ্রহণ করার অভিযোগে ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া মহল্লার আহমেদ আলীর ছেলে আমির হামজা ওরফে নুরকে আটক করে।
পরে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় ২৯০ জনের মধ্যে এক থেকে ছয় নম্বর পর্যন্ত আসামিদের প্রত্যেকেই কিশোর। এক থেকে চার নম্বর আসামি করা হয় পুলিশের হাতে গ্রেফতার হওয়া ওই চার কিশোরকে। ৫ ও ৬ নম্বর আসামি দুই কিশোর। মামলায় আসামিদের মধ্যে আছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান।
মামলায় ঘটনার বিবরণে উল্লেখ রয়েছে, সড়ক অবরোধ করে মশাল, ব্যানার, ইট ও পাথরের খোয়া, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চলন্ত গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। বর্তমান সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দেশে অস্থিরতা সৃষ্টি করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভাঙ্গায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়েছে। মামলায় ২৯০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১২০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।