সাড়া জাগানো সেই ‘হাতিম’ অভিনেতা এখন কী করছেন?

সাড়া জাগানো সেই ‘হাতিম’ অভিনেতা এখন কী করছেন?

ছবি: সংগৃহীত

যারা এ শতকের শূন্য দশকের দর্শক, টেলিভিশন সিরিজ ‘হাতিম’-এর কথা তাদের মনে আছে নিশ্চয়ই। ভারতীয় এই সিরিজ বাংলাদেশেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। রূপকথার গল্পে ইয়েমেনের সাম্রাজ্য আর রহস্যময় জাদুর গল্পে নির্মিত এই সিরিজ অনেকের শৈশবের স্মৃতিতে মিশে আছে।

‘হাতিম’-এ নাম ভূমিকায় অভিনয় করেছিলেন রাহিল আজম। সুদর্শন এ অভিনেতা সে সময়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন। গায়ে যোদ্ধার বসন, হাতে দীর্ঘ তরবারি নিয়ে তার সাহসী ছুটে চলা রোমাঞ্চ তৈরি করত দর্শকের মনে।

২০০৩ সালের ডিসেম্বরে স্টার প্লাসে প্রচার শুরু হয় এই ফ্যান্টাসি ধারাবাহিকের। রাতারাতি জনপ্রিয়তা পায় ধারাবাহিকটি। ২০০৪ সালের নভেম্বর পর্যন্ত প্রচারিত হয় এটি। অমৃত সাগর নির্মিত এই হিন্দি ধারাবাহিক পরে বাংলায় ডাবিং করে বাংলাদেশেও দেখানো হয়েছিল।

সেই ‘হাতিম’ অভিনেতা রাহিল আজম এখন কোথায়? কী করছেন? জানা গেছে, বর্তমানেও তিনি শোবিজেই আছেন। তবে অভিনয় থেকে বিরতি নিয়ে এখন মন দিচ্ছেন পরিচালনায়।

রাহিল আজমের জন্ম ভারতের বেঙ্গালোরে, ১৯৮১ সালে। পড়াশোনা করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। শোবিজ নিয়ে আগ্রহ ছিল। তাই নিজের ভাগ্য পরীক্ষা করতে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। মডেলিংয়ের মাধ্যমে শুরু হয় পথচলা। ২০০১ সালে ‘এক টুকড়া চাঁদ কা’ ধারাবাহিক দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় রাহিলের। এরপর আরও কিছু কাজ করেছিলেন। তবে ২০০৩ সালে ‘হাতিম’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।

‘হাতিম’-এর জনপ্রিয়তা ধরে রেখে একই ধরনের চরিত্রে অবশ্য আটকে থাকেননি রাহিল। বরং বিভিন্ন সময়ে ভিন্ন ঘরানার চরিত্রে অভিনয় করেছেন। ‘ইয়ে মেরি লাইফ হ্যায়’, ‘গুলাল’, ‘মহাকুম্ভ: এক রহস্য, এক কাহানি’, ‘তু আশিকি’ এবং ‘ম্যাডাম স্যার’-এর মতো ধারাবাহিকে দেখা গেছে তাকে। ‘সিআইডি’তেও অভিনয় করেছেন তিনি।

কিন্তু সিনেমায় তাকে সেভাবে পাওয়া যায়নি। দীর্ঘ ক্যারিয়ারে কেবল একটি সিনেমা করেছেন। ‘তাজ মহল : অ্যান ইটারনাল লাভ স্টোরি’ সিনেমাটি মুক্তি পায় ২০০৫ সালে।

২০২৫ সালের জানুয়ারিতে স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘অনুপমা’য় যোগ দেন রাহিল। সেখানে পরাগ কোঠারি চরিত্রে অভিনয় করেন। বয়স হয়েছে, এখানে তাই হাজির হন বাবার চরিত্রে। এটা তার জন্য ছিল নতুন অভিজ্ঞতা।

তবে সেই ধারাবাহিক থেকে সরে এসেছেন রাহিল। গেল আগস্টে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে রাহিল আজম জানান, আপাতত ধারাবাহিকটি থেকে বিরতিতে রয়েছেন। আবার ফিরবেন কি না, সে সিদ্ধান্ত তখনো নেননি।

এই বিরতিকেই কাজে লাগিয়েছেন নতুন স্বপ্ন পূরণে। সম্প্রতি ‘শিদ্দাত’ নামের চার মিনিটের একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি এর গল্প লেখা, পরিচালনা, প্রযোজনা ও সম্পাদনার দায়িত্বও পালন করেছেন।

এ বছরের জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে রাহিল জানান, নির্মাতা হওয়ার স্বপ্ন তার অনেক দিনের। অবশেষে সে স্বপ্নের পথে হাঁটা শুরু করলেন তিনি। সামনে অভিনয়ের চেয়ে নির্মাণেই বেশি মনোযোগ দেবেন, এমনটাই জানিয়েছেন অভিনেতা।