শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত
শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) উদ্যোগে ‘শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশন।
কর্মশালায় সাংবাদিকতার মৌলিক বিষয় ও ভিডিও সাংবাদিকতা নিয়ে পৃথক দুটি প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘বেসিক অব জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন শেকৃবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও দৈনিক সকালের খবরের সাংবাদিক মীর তাওহিদুল ইসলাম। দ্বিতীয় সেশনে ‘ভিডিও জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ দেন এশিয়া পোস্টের নিউজরুম এডিটর মো. জাহিদুল ইসলাম।
কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ সংগ্রহ, সংবাদ লেখার কৌশল এবং ভিডিও সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন। প্রশিক্ষণ সেশন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি তাহিরুল হাসান ফাহিম বলেন, “শিক্ষানবিশ সাংবাদিকদের দক্ষ ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতেই আমাদের এ আয়োজন। এ কর্মশালার মাধ্যমে তারা সাংবাদিকতার মৌলিক বিষয় ও ব্যবহারিক জ্ঞান অর্জনের পাশাপাশি পেশাদারত্ব ও আত্মবিশ্বাস বাড়াতে পারবে বলে আমরা আশাবাদী। শিক্ষানবিশ সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও সাংবাদিকতার ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় উৎসাহিত করতেই এ কর্মশালার আয়োজন করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।”