চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

চকরিয়ায় আগুনে দুই হাফেজ সহোদরের মৃত্যু

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়া পৌরসভায় কয়লার আগুন থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছে দুই কোরআনের হাফেজ সহোদর।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়াঘোনা রেললাইনের পূর্ব পাশে মাওলানা ফজল কাদেরের বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো আবদুল্লাহ (১৬) ও ওমর ফারুক (১৩)। তাদের মধ্যে ফারুক ঘটনাস্থলেই মারা যায়। আর আবদুল্লাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৬ নভেম্বর) রাতে মারা যায়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যুগান্তরকে বলেন, রাতে ঘুমানোর আগে স্টিলের টিফিন বক্সে কয়লার আগুন জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার চেষ্টা করে দুই ভাই। পরে আগুন পুরোপুরি না নিভিয়ে তারা ঘুমিয়ে পড়ে। একপর্যায়ে কয়লার আগুন কাপড়ে লেগে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই ভাই আগুনের মধ্যে আটকা পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট ভাই ওমর ফারুক। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই হাফেজ আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সাবেক ওয়ার্ড কাউন্সিলর ফোরকানুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কোরআনের হাফেজ দুই সহোদরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে অগ্নিকাণ্ডে বসতবাড়িসহ সর্বস্ব হারানো পরিবারটির পাশে দাঁড়িয়েছে চকরিয়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নগদ অর্থসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।