মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টিতে খেলা বন্ধ

মধ্যাহ্ন বিরতির পর বৃষ্টিতে খেলা বন্ধ

ছবি: সংগৃহীত

জোহানেসবার্গে বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। আকাশজুড়ে মেঘের ঘনঘটা, উইকেটও ঢেকে রাখা হয়েছে কাভারে। মধ্যাহ্ন বিরতির পর খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে। এর আগে ৭ উইকেটে ৩৮৬ রান তুলেছে প্রোটিয়ারা। ফলে বাংলাদেশের ৪০০ রানের চেয়ে এখনো ১৪ রানে পিছিয়ে আছে তারা।

এর আগে মধ্যাহ্নভোজের আগের ১৫ মিনিটে সফরকারীরা তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে কিছুটা ভারসাম্য ফিরিয়ে এনেছে বাংলাদেশ। অধিনায়ক টেম্বা বাভুমা ৪৯ রানে অপরাজিত থাকা অবস্থায় চোট পেয়ে মাঠ ছেড়েছেন। এই উইকেট পতনের মাঝে রায়ান রিকলটন নিজের অর্ধশতক পূর্ণ করেন। অন্যদিকে, কনুইয়ের তীব্র ব্যথা সত্ত্বেও হাসান মাহমুদ লড়াই চালিয়ে গেছেন এবং নিজের চতুর্থ উইকেটটি তুলে নিয়েছেন।

দিনের শুরুতেই রিকলটন পয়েন্ট অঞ্চল দিয়ে একটি সহজ বাউন্ডারি হাঁকান। এরপর সকালের সেশনের তৃতীয় ওভারে কনুইয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন হাসান মাহমুদ। রিকলটন পুল শটের মাধ্যমে একটি বাউন্ডারি মেরে দক্ষিণ আফ্রিকাকে ৩০০ রানের কোটায় পৌঁছে দেন, পরে ফাইন লেগ দিয়ে আরও একটি চার আদায় করে নেন। বাভুমা মোমিনুল হকের বলে কভার অঞ্চল দিয়ে দারুণ একটি শট খেলেন, তবে তাকে পায়ের কাফ মাসলে অস্বস্তি বোধ করতে দেখা যায়।

অভিষিক্ত মাহফিজুল ইসলাম ৩০ রানে থাকা রিকলটনের একটি ক্যাচ হাতছাড়া করেন; এর আগে শূন্য রানে থাকা অবস্থায় লিটন দাসও তার ক্যাচ ফেলে দিয়েছিলেন। ৮৪তম ওভারে, ১০৫ বলে ৪৯ রান করা অবস্থায় বাভুমা চোট পেয়ে মাঠ ছাড়েন। এই সুযোগ কাজে লাগিয়ে পরের ওভারেই উইয়ান মুল্ডারকে শূন্য রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। মুল্ডার শর্ট ও ওয়াইড ডেলিভারিতে শট খেলতে গিয়ে বল ব্যাটের নিচের অংশে লাগিয়ে বসেন, যা সরাসরি লিটনের গ্লাভসে জমা পড়ে। এরপর মার্কো ইয়ানসেনও শরীরের কাছাকাছি আসা একটি বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।

কনুইয়ের চোট কাটিয়ে ডান হাতে ব্যান্ডেজ জড়িয়ে মাঠে ফিরে আসেন হাসান মাহমুদ। তার বলেই সাইমন হারমার ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। এটি ছিল লিটনের টানা তৃতীয় ক্যাচ। মধ্যাহ্নভোজের বিরতিতে দক্ষিণ আফ্রিকা এখনো ১৪ রানে পিছিয়ে আছে।