১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে এডিবি

১ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সহায়তা করবে এডিবি

ফাইল ছবি

বাংলাদেশে নতুন পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি এনার্জি স্টোরেজ প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে লেনদেন সংক্রান্ত পরামর্শক হিসেবে সেবাসমূহ দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ উদ্যোগের ফলে সংস্থাটির সহায়তায় নেওয়া কর্মসূচির আওতায় মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনীর সোনাগাজীতে ১৩০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পে চলমান পরামর্শক সহায়তার ধারাবাহিকতায় নতুন পাঁচটি প্রকল্প যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিন ধাপে বাস্তবায়িত হতে যাওয়া সমন্বিত এ কর্মসূচির আওতায় মোট ছয়টি প্রকল্প থাকবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা বাড়ার পাশাপাশি আমদানি নির্ভর জ্বালানির ওপর থেকে চাপ কমবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, বাংলাদেশের সামনে নিরাপদ, টেকসই ও বিনিয়োগবান্ধব জ্বালানি খাত গড়ে তোলার বড় সুযোগ রয়েছে। নতুন এ পরামর্শ সহায়তা শুধু কয়েকটি বিচ্ছিন্ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নয়, বরং দেশে পরিচ্ছন্ন জ্বালানি খাতে বৃহৎ ও সম্প্রসারণযোগ্য বিনিয়োগের বাজার তৈরির একটি যৌথ প্রচেষ্টা।

তিনি আরও বলেন, প্রকল্প প্রস্তুতি, প্রতিযোগিতামূলক ক্রয়প্রক্রিয়া এবং বেসরকারি বিনিয়োগের অনুকূল পরিবেশ শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতের পরবর্তী পর্যায়ের উন্নয়নে প্রয়োজনীয় মূলধন, প্রযুক্তি সংগ্রহ ও দক্ষতা অর্জনে সহায়তা করবে এডিবি।

পরামর্শক হিসেবে এডিবির এই সেবার মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বেসরকারি খাত থেকে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য রয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়ক হবে এ উদ্যোগ।

কর্মসূচির প্রথম ধাপে ফেনীর সোনাগাজীতে ২৬ মেগাওয়াট-আওয়ার ব্যাটারি স্টোরেজ ব্যবস্থাসহ ১৩০ মেগাওয়াটের সৌর ফটোভোলটাইক প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের দরপত্র আহ্বানের সম্ভাবনা রয়েছে। ছয়টি প্রকল্পের মধ্যে প্রথম প্রকল্প হিসেবে এটি পরবর্তী দুই ধাপের বাকি পাঁচটি প্রকল্পের পরিকল্পনা, কাঠামো ও ক্রয়প্রক্রিয়া নির্ধারণে মানদণ্ড হিসেবে কাজ করবে।

সম্প্রসারিত চুক্তির আওতায় নতুন পাঁচটি প্রকল্পের জন্য সরকারি জমির উপযুক্ততা যাচাইয়ে ইনভেস্ট বাংলাদেশ অথরিটি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) সহায়তা দেবে এডিবি। এ ছাড়া প্রকল্প প্রস্তুতি, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, বাজার যাচাই, দরপত্রের নথি তৈরি এবং প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান থেকে শুরু করে কাজ দেওয়ার পুরো প্রক্রিয়ায় পরামর্শক সেবা দেওয়া হবে।

ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে বেসরকারি খাতের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়াতে চায় সরকার। বিশেষ করে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ ধরনের প্রকল্প বাস্তবায়নে এডিবির সঙ্গে অংশীদারত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সরকার।

তিনি আরও বলেন, দেশের পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন সক্ষমতা বাড়ানো, জ্বালানি মিশ্রণে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ অংশীদারত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশ অথরিটির অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব আফরোজা সুলতানা এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং।