পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল

পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল

সংগৃহীত ছবি

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুস দেওয়ার মামলায় নিজের ঐতিহাসিক সাজার রায় বাতিল করতে নিউইয়র্কের স্টেট ও ফেডারেল কোর্টে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মামলায় ট্রাম্পের সাজা বাতিলে ফেডারেল কোর্ট হস্তক্ষেপ করতে পারে কি না, তা নিয়ে এখন বিবেচনা করছেন আদালত। এদিকে এই রায় বাতিলের দাবিতে নিউইয়র্কের একটি আপিল আদালতেও শুনানি হয়েছে।

গত সোমবার ২য় ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারপতির একটি প্যানেল এক ঘণ্টার বেশি সময় ধরে ট্রাম্পের আইনজীবী ও এক স্টেট প্রসিকিউটরকে জিজ্ঞাসাবাদ করেন। ট্রাম্পের সর্বশেষ আইনি উদ্যোগ হলো, মামলাটি স্টেট কোর্ট থেকে ফেডারেল কোর্টে স্থানান্তর করা, যাতে তিনি প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষার (প্রেসিডেন্সিয়াল ইমিউনিটি) সুবিধা নিয়ে মামলাটি পুরোপুরি বাতিল করতে পারেন। তবে আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি।

২০২৪ সালের মে মাসে দেওয়া ওই ঐতিহাসিক রায়ে ট্রাম্পকে ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে অন্যতম ছিল, স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুস দেওয়ার বিষয়টি আড়াল করতে ব্যবসায়িক নথিপত্র জাল করা। সাজার রায় বাতিলের এই আইনি কৌশলের অংশ হিসেবে ট্রাম্প গত ১১ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো আদালতে গেলেন। ফেডারেল কোর্টে আইনি লড়াইয়ের পাশাপাশি ট্রাম্প নিউইয়র্কের স্টেট কোর্ট ব্যবস্থাতেও আপিল করেছেন। সেখানে গত ৫ নভেম্বর শুনানি হলেও আদালত এখনো রায় দেননি।

এই মামলার রায় যাই হোক না কেন, প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার কালিমা ট্রাম্পের গায়ে লেগে থাকবে। যদিও ট্রাম্প বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং তাকে কোনো শাস্তিও দেওয়া হয়নি। তবে প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের আর মাত্র দুই বছর বাকি থাকতে এই সাজা থেকে নিজেকে মুক্ত করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।

সোমবার ট্রাম্পের আইনজীবী রবার্ট জিউফ্রে জুনিয়র ফেডারেল আদালতের বিচারকদের যত দ্রুত সম্ভব একটি আদেশ জারি করে মামলাটি নিজেদের হাতে নিতে এবং স্টেট কোর্টের আপিল বিভাগের বিচার প্রক্রিয়া স্থগিত করার অনুরোধ জানান। তিনি বলেন, ফেডারেল কোর্ট হস্তক্ষেপ না করলে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত নিতে ট্রাম্পকে হয়তো বছরের পর বছর অপেক্ষা করতে হবে।

তবে বিচারক জন এম ওয়াকার জুনিয়র ও প্রধান বিচারক রেমন্ড জে লোহিয়ার জুনিয়র এই বিষয়ে নিশ্চিত ছিলেন না। প্রধান বিচারক লোহিয়ার বলেন, কংগ্রেসের অনুমোদন নেই এমন একটি পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণ করতে বলছেন আপনি। জবাবে জিউফ্রে দাবি করেন, আইনের একটি ধারা অনুযায়ী এ ধরনের বদলির আবেদন বৈধ।

গত আগস্টে এক ফেডারেল বিচারক ট্রাম্পের আবেদন তৃতীয়বারের মতো খারিজ করার পর তিনি আপিল আদালতে যান। প্রয়াত বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন তার রায়ে লিখেছিলেন, পর্ন তারকাকে ঘুস দেওয়া বা কোনো কেলেঙ্কারি ধামাচাপা দেওয়া প্রেসিডেন্টের ইমিউনিটি বা আইনি সুরক্ষার আওতায় পড়ে না।

২০২৩ সালের মার্চে অভিযুক্ত হওয়ার পর থেকেই ট্রাম্প মামলাটি ফেডারেল কোর্টে স্থানান্তরের চেষ্টা করছেন। ২০২৪ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্টের এক রায়ে বলা হয়, সরকারি কাজের জন্য প্রেসিডেন্ট বা সাবেক প্রেসিডেন্টদের বিচার করা যাবে না। এই রায়ের পর ট্রাম্প নতুন করে মামলাটি স্থানান্তরের চেষ্টা শুরু করেন।

ট্রাম্পের আইনজীবীর দাবি, প্রসিকিউটররা এমন কিছু প্রমাণ ব্যবহার করেছেন, যা সুপ্রিম কোর্টের রায়ে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের আপিল বিভাগের প্রধান স্টিভেন উ ফেডারেল আপিল আদালতকে মামলাটি স্টেট কোর্টেই রাখার অনুরোধ জানিয়েছেন।