হুথিদের দখলে সৌদি ভূখণ্ড, মার্কিন সাংবাদিকের দাবি
ছবিঃ সংগৃহীত।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ভূখণ্ডের কিছু অংশ দখল করে রেখেছে বলে দাবি করেছেন মার্কিন সাংবাদিক ও পডকাস্টার টাকার কার্লসন। তাঁর অভিযোগ, যুদ্ধের গুরুত্বপূর্ণ এই ঘটনা মার্কিন গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে না। তবে কার্লসনের এ দাবির বিষয়ে হুথি বা সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত সোমবার প্রকাশিত এক পডকাস্টে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে উইকার্টের সঙ্গে আলাপকালে এ দাবি করেন কার্লসন।
পডকাস্টে তিনি বলেন, হুথিরা এখন সৌদি রাজতন্ত্রের জন্য সরাসরি হুমকি হয়ে উঠেছে। সৌদি ভূখণ্ডের একটি অংশ তাদের দখলে রয়েছে। বিষয়টি মার্কিন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে কি না, তা তিনি জানেন না।
সৌদির মাটিতে বর্তমানে হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কার্লসন বলেন, ‘হ্যাঁ, রয়েছে।’ তবে সৌদির কোন অঞ্চল হুথিরা দখল করেছে কিংবা এ তথ্যের উৎস কী, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
কার্লসনের বক্তব্যের আগে গত ২ নভেম্বর এক বিশেষ প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছিল, গত অক্টোবরে হুথিরা সৌদি আরবের সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে আন্তসীমান্ত অভিযান চালিয়েছে। পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে অবশ্য সৌদি ভূখণ্ড হুথিদের দখলে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ সীমান্তে অবস্থিত আসির, জিজান ও নাজরান প্রদেশের ওপর ঐতিহাসিক দাবি রয়েছে হুথিদের। ১৯৩৪ সালের তায়েফ চুক্তির মাধ্যমে ইয়েমেন এসব অঞ্চল সৌদি আরবের কাছে ছেড়ে দিয়েছিল।
এদিকে কার্লসনের ধারণা, ইরান ছাড়াও অন্য কোনো শক্তি হুথিদের সহায়তা করতে পারে। তবে এ ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি।
অন্যদিকে, ড্রপসাইট নিউজের অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত ইয়েমেনের কয়েকটি গোষ্ঠী গোপনে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের অভিযানে সহায়তা করছে।