আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ
ছবি: সংগৃহীত
আশাশুনি উপজেলার প্রতাপনগরের ৭.১ পোল্ডারের কুড়িকাহুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধে ফের ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৩০ মিটার বাঁধ ধসে নদী-খালের দিকে চলে যাওয়ায় প্রতাপনগর ও পার্শ্ববর্তী আনুলিয়া ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে অন্তত ৩৫ থেকে ৪০ হাজার মানুষ আতঙ্কে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়িবাঁধের ওপর নির্ভরশীল ১০ থেকে ১২টি গ্রামের মানুষ। এ ছাড়া এলাকায় রয়েছে ৩ থেকে ৪ হাজার বিঘা কৃষিজমি, যেখানে ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন এবং মাছ চাষ করা হয়। বাঁধটি ভেঙে গেলে বসতবাড়ি, কৃষিজমি ও মৎস্যঘের প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দা শাহজালাল জানান, কুড়িকাহুনিয়া এলাকায় বাঁধের একটি বড় অংশ ধসে পড়েছে। সারা বছর নদীভাঙন ও জলোচ্ছ্বাসের আতঙ্ক নিয়ে তাঁদের বসবাস করতে হয়। বর্তমানে এলাকায় গাছপালা ও ফসলের আবাদ রয়েছে। বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে হাজার হাজার মানুষের ঘরবাড়ি, ফসল ও মৎস্যঘের ক্ষতিগ্রস্ত হবে। কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে প্রায় এক হাজার ফুট দূরে ভাঙনপ্রবণ স্থানটি হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।
এর আগেও বাঁধের একটি স্থানে ভাঙন দেখা দিলে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বালু ও মাটি ফেলে প্রতিরোধের চেষ্টা করেন। পরে পানি উন্নয়ন বোর্ড জরুরি সংস্কারকাজ করে বাঁধটি রক্ষা করে। এবারও দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভাঙন আরও বিস্তৃত হয়ে বড় ধরনের দুর্যোগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাঁরা ঝুঁকিপূর্ণ স্থানটি দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দের দাবি জানিয়েছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী বিকেলে ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। তিনি বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহিত করার কথা জানান।
পানি উন্নয়ন বোর্ডের এসও আলমগীর হোসেন ও ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাজু হোসেন জানান, তাঁরা ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন। দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কু-ু বলেন, বেড়িবাঁধ ধসের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হবে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া পাঠানো ছবি ও ভিডিও দেখে দ্রুত সংস্কারকাজ শুরুর আশ্বাস দিয়েছেন।