কাশিয়ানি থানা যুবলীগ নেতা তুহিন কাজীসহ তিনজন কারাগারে

কাশিয়ানি থানা যুবলীগ নেতা তুহিন কাজীসহ তিনজন কারাগারে

প্রতিকি ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী থানা যুবলীগের সাবেক সভাপতি কাজী নুরুল আমিন তুহিন ওরফে তুহিন কাজীসহ তিনজনকে মোহাম্মদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে তথ্য দিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম।

কারাগারে যাওয়া অপর দু'জন হলেন- বিল্লাল হোসেন ও আবুল বাশার। তারা তিনজনই কাশিয়ানী এলাকার বাসিন্দা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার মধ্য রাতে মোহাম্মদপুর থানাধীন মোহাম্মাদিয়া হাউজিং রোড থেকে তাদের গ্রেপ্তার করে এসআরবি।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সেলিম উল্লাহ আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অ্যাডভোকেট শরীফুল ইসলাম বলেন, আসামিদের পক্ষে জামিন আবেদন করি। তবে আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে আগামীকাল বৃহস্পতিবার জামিন শুনানির দিন রেখেছেন।

মামলার বিবরণে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর রাত ৩টার দিকে পুলিশ জানতে পারে, মোহাম্মদপুরের তুরাগ হাউজিংস্থ বাংলাদেশ ইউনির্ভাসিটির গেটের পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সদস্য সরকারবিরোধী কার্যক্রম এবং নাশকতা করতে একত্রিত হয়েছে। পুলিশ সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে একটি অবিস্ফোরিক ককটেল উদ্ধার করে।

পরে এ ঘটনায় পুলিশ মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে।