অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য

অবসরে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য

সংগৃহীত ছবি

স্পেনের হয়ে বিশ্বকাপজয়ী দলের সদস্য হুয়ান মাতা ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই প্লে-মেকার গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান ক্লাব মেলবোর্ন ভিক্টোরি ছাড়েন। 

৩৮ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, কখনও কখনও কাউকে ভালোবাসার অর্থ হলো তাকে ছেড়ে দেওয়া। ধন্যবাদ ফুটবল। মাতা সেই স্পেন দলের সদস্য ছিলেন, যারা ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ এবং ২০১২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

ভ্যালেন্সিয়ায় নিজের ক্যারিয়ারের বড় পরিচিতি পান এই মিডফিল্ড জাদুকর; সেখানে তিনি কোপা দেল রে শিরোপা জেতেন। এরপর ২০১১ সালে তিনি যোগ দেন চেলসিতে। লন্ডনের এই ক্লাবের হয়ে ২০১২ সালে চ্যাম্পিয়নস লিগসহ আরও কিছু ট্রফি জেতেন তিনি। পরবর্তীতে ২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন।

এরপর তিনি তুরস্কের ক্লাব গ্যালাতাসারে, জাপানের ভিসেল কোবে, ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স এবং সবশেষে মেলবোর্ন ভিক্টোরির হয়ে খেলেন। অবসরের ঘোষণায় মাতা লেখেন, ফুটবল আমার জীবন থেকে কখনোই হারিয়ে যাবে না। এই খেলাটিকে ভালোবাসার আরও অনেক উপায় আছে, উন্নয়নের মাধ্যম হিসেবে একে ব্যবহার করারও অনেক পথ খোলা রয়েছে। আমি হয়তো পেশাদার খেলোয়াড় হিসেবে খেলা ছেড়ে দিচ্ছি, কিন্তু একজন ফুটবলার হিসেবে আমার পরিচয় কখনোই মুছে যাবে না।

মেলবোর্ন ভিক্টোরিতে সংখ্যালঘু মালিকানার অংশীদার হওয়ার সুবাদে ক্লাবটির সঙ্গে এখনো যুক্ত আছেন মাতা। এছাড়া ফর্মুলা ওয়ান দল ‘আলপাইন’ এবং মেজর লিগ সকারের ক্লাব ‘সান দিয়েগো এফসি’-তেও তার বিনিয়োগ রয়েছে। ২০১৭ সালে মাতা ‘কমন গোল’ নামে একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন, যার মাধ্যমে তিনি নিজের বেতনের অন্তত এক শতাংশ ভালো কাজের উদ্দেশ্যে দান করে আসছেন।