চট্টগ্রামে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিসহ গ্রেফতার ৩

চট্টগ্রামে হত্যা মামলায় এজাহারভুক্ত দুই আসামিসহ গ্রেফতার ৩

প্রতিকি ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে আব্দুস সোবহানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে এসআরবি-৭। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত আসামি। অন্যজনকে তদন্তে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার  ব্যক্তিরা হলেন, মো. নাছির (৪৫), হাজেরা (৪৫) ও মো. ফারুক (৪২)। তাদের মধ্যে নাছির ও হাজেরা মামলার এজাহারভুক্ত আসামি।

এসআরবি-৭ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর নগরের বাকলিয়া থানার তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন আব্দুস সোবহান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআরবি-৭-এর প্রাথমিক ধারণা, এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে সোবহানের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

এসআরবি-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর থানার কোম্পানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার ব্যক্তিদের সংশ্লিষ্ট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে