এমসিসি’র চাওয়ায় লর্ডসে প্রথমবার টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ

এমসিসি’র চাওয়ায় লর্ডসে প্রথমবার টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ক্রিকেটের ইতিহাসে লর্ডসের নাম জড়িয়ে আছে অসংখ্য স্মরণীয় মুহূর্তের সঙ্গে। সেই ঐতিহ্যের মাঠেই নতুন দুটি অভিজ্ঞতার অপেক্ষায় বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে ফেরার পাশাপাশি এবার প্রথমবারের মতো লর্ডসে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও মাঠে নামবে টাইগাররা। আগামী ৩ জুন ২০২৭ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচটির ঘোষণা দিয়েছে। ইংল্যান্ড সফরে নেপালের জন্য আয়োজিত ছয় ম্যাচের বিশেষ আন্তর্জাতিক সূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হবে এই লড়াই।

নেপালের কীর্তিপুরে ম্যাচটির আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমসিসির প্রধান নির্বাহী রবার্ট লসন, বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ।

লর্ডসে বাংলাদেশ পুরুষ দলের এটিই হবে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। অন্যদিকে, এই মাঠে নেপালের দ্বিতীয় টি-টোয়েন্টি হলেও আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচ।

এ আয়োজন নিয়ে তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে খেলা বাংলাদেশের জন্য সব সময়ই বিশেষ উপলক্ষ। ২০২৭ সালের জুনে নেপালের বিপক্ষে এই ঐতিহাসিক আন্তর্জাতিক টি-টোয়েন্টির অংশ হতে পেরে আমরা আনন্দিত।’

এর আগে ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার কথা ১ জুন। ফলে দুই দিনের বিরতিতেই আবার মাঠে নামতে হবে টাইগারদের।

সর্বশেষ ২০১০ সালে এই মাঠে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। একই ম্যাচে পাঁচ উইকেট নিয়ে এই সম্মান অর্জন করেন শাহাদাত হোসেন।

এদিকে, আগামী বছরের মার্চে কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ২৬, ২৮ ও ৩০ মার্চ। এটি হবে নেপালের মাটিতে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় সিরিজ।