২৬ অক্টোবর বগুড়ায় যাবেন জামায়াত আমির

২৬ অক্টোবর বগুড়ায় যাবেন জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আগামী ২৬ অক্টোবর (শনিবার) বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন ও সুধী সমাবেশে যোগ দিতে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ওইদিন তিনি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে দুটি অনুষ্ঠানে বক্তৃতা করবেন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোড়ন সৃৃষ্টি হয়েছে। প্রায় ১৭ বছর পর বগুড়ায় জামায়াতের প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে।

এতে করে জামায়াত নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দিনব্যাপী কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এ উপলক্ষে গত শনিবার বগুড়ার শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

পশ্চিম জেলা আমির মাওলানা আব্দুল হক সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল প্রধান মাওলানা রফিকুল ইসলাম খান।

সভায় উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, পূর্ব জেলা জামায়াতের আমির অধ্যাপক নাজিম উদ্দিন, শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান ও সেক্রেটারি অধ্যপক আ স ম আব্দুল মালেক, জামায়াত নেতা অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা মানছুরুর রহমান, মঞ্জুরুল ইসলাম রাজু, অধ্যাপক রফিকুল আলম, মাওলানা আব্দুল হাকিম ও আজগর আলী প্রমুখ।

বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান জানান, প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আলতাফুন্নেছা খেলার মাঠের অবস্থা পরিদর্শন করা হয়েছে। ২৬ অক্টোবর এই মাঠে জামায়াতের রুকন সম্মেলনে জেলা ও শহর শাখার প্রায় ৪ হাজার সদস্য অংশ নেবেন এবং সুধী সমাবেশে লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন ইনশাল্লাহ।

বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আলা মুসা জানান, আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বগুড়ায় জামায়াতের রুকন সম্মেলন ও সুধী সমাবেশে যোগ দেবেন। এজন্য পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে।