সিঙ্গাপুরের ডিজিটাল বাজারে ব্যবসা বাড়াচ্ছে ভারত
ফাইল ছবি।
আন্তর্জাতিক বাজারে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক ডিজিটাল অর্থায়ন প্ল্যাটফর্ম ফান্ডিং সোসাইটিসের সঙ্গে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে ভারতের আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেটিএম।এই অংশীদারত্বের আওতায় ফান্ডিং সোসাইটিসের সহযোগী প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ ২০০ কোটি রুপি (প্রায় ২ কোটি ১৪ লাখ মার্কিন ডলার) বিনিয়োগের পরিকল্পনা করেছে পেটিএম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পেটিএম সিঙ্গাপুর প্রাথমিকভাবে ফান্ডিং সোসাইটিসের পেমেন্ট সহযোগী প্রতিষ্ঠান কার্ডআপে প্রায় ১৬২ কোটি রুপি বিনিয়োগ করবে।
এর মাধ্যমে কার্ডআপের ১৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিকানা পাবে পেটিএম। এ ছাড়া অবশিষ্ট প্রায় ৩৮ কোটি রুপি ফান্ডিং সোসাইটিসের অন্য কোনো সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হতে পারে।
বিনিয়োগের পাশাপাশি কার্ডআপের সঙ্গে ব্যবসায়িক ও প্রযুক্তিগত চুক্তিও করবে পেটিএম। এই চুক্তির আওতায় সিঙ্গাপুরে পেমেন্ট ও অন্যান্য আর্থিক সেবা সম্প্রসারণে নিজেদের পেমেন্ট ও ঋণপ্রযুক্তি সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠানটি।
নির্বাচিত আন্তর্জাতিক বাজারে স্থানীয় অংশীদারদের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের যে কৌশল নিয়েছে পেটিএম, এই চুক্তি তারই অংশ। এ ধরনের অংশীদারত্বভিত্তিক ব্যবস্থায় স্থানীয় প্রতিষ্ঠানগুলো বিক্রয়, বিতরণ ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা করে।
পেটিএম জানিয়েছে, সীমিত পুঁজি বিনিয়োগের মাধ্যমে প্রযুক্তি ব্যবহারের লাইসেন্স ফি এবং রাজস্ব ভাগাভাগির ভিত্তিতে আয় করার পরিকল্পনা রয়েছে তাদের।