বাংলাদেশ নিজের পথে চলবে, কারো তাবেদারি করবে না : মীর শাহে আলম

বাংলাদেশ নিজের পথে চলবে, কারো তাবেদারি করবে না : মীর শাহে আলম

সংগৃহীত ছবি

ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো অপচেষ্টা দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 

এ প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশ কোনো পার্শ্ববর্তী দেশের তাবেদারি করবে না। দেশের মানুষই ঠিক করবে বাংলাদেশ কীভাবে চলবে, কোন পথে এগিয়ে যাবে।

শুক্রবার রাত ১০টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ঐতিহাসিক বেলতলী ঈদগাহ মাঠ ও হাফেজিয়া মাদরাসার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মাহফিলে উপস্থিত মুসল্লিদের কাছে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় দোয়া চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আমরা সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছি। এ দেশে আর ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। মানুষের ওপর অন্যায়-অত্যাচার ও জুলুম করে ফ্যাসিস্টদের শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালাতে হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বাইরে বসে ফোনে ফোনে দেশকে অস্থিতিশীল করার যে পাঁয়তারা চলছে, দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তা রুখে দেওয়া হবে, ইনশাআল্লাহ।

বিএনপি সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে উল্লেখ করে তিনি বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে জিয়া পরিবার রাষ্ট্র ও দেশের মানুষের কল্যাণে হাল ধরেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে কাজ করে এসেছে।

মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আলেম-ওলামা এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।