নম্রতা মানুষের মর্যাদা বাড়ায়
ফাইল ছবি
ব্যবহারে বংশের পরিচয় বলে আমরা জানি। একটা সময় ছিল যখন মুসলমানের পরিচয় জানা যেত তার ব্যবহার দ্বারা। কথাবার্তা এবং আচার-আচরণ দ্বারা। ইসলামের সৌন্দর্য ফুটে উঠত ইমানদারের চারিত্রিক মাধুর্য দ্বারা। কিন্তু এখন কেন যেন আমাদের ব্যবহার, লেনদেন ও আচার-আচরণ সব-দিন দিন নিম্নগামী। একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দিচ্ছেন। তুচ্ছ বিষয়ে গালমন্দ করছেন। ক্রয়-বিক্রয়ে একে অপরকে নির্দ্বিধায় ঠকাচ্ছেন। দোকানপাট, হাটবাজার, বাস-ট্রেন বা অন্যান্য যানবাহনে দ্ইু মুসলমান হঠাৎ মারামারি লেগে যাচ্ছেন। প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হচ্ছেন। এই হলো আমাদের প্রাত্যহিক চিত্র। অথচ ইসলাম এসব নিষিদ্ধ করেছে। বরং একে অন্যের সঙ্গে সর্বোচ্চ সম্মান বজায় রাখার নির্দেশ দিয়েছে। একে অন্যকে সাহায্য-সহযোগিতার তাগিদ দিয়েছে। সদাচরণ করার প্রতি গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে মুসলমানের আচার-ব্যবহার কেমন হওয়া উচিত, তার বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়েছে ‘তোমরা সবাই আল্লাহর ইবাদত করো। তার সঙ্গে কাউকে শরিক করো না। মাতা-পিতার সঙ্গে সদ্ব্যবহার করো। আত্মীয়, এতিম ও মিসকিনদের সঙ্গে সদাচরণ করো। আত্মীয়-প্রতিবেশী, নিকটবর্তীজন, পার্শ্ববর্তী লোকজন, সহচর, মুসাফির এবং তোমার অধীনস্থ দাস-দাসীসহ সবার প্রতি ইহসান ও ভালো ব্যবহার করো। নিশ্চিতভাবে জেনে রাখো, আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করেন না, যে অহংকারী ও গর্বকারী’ (সুরা আন নিসা-৩৬)। এ আয়াত দ্বারা বোঝা গেল, আল্লাহর ইবাদতের পাশাপাশি শিরক থেকে মুক্ত থাকতে বলা হয়েছে। পিতা-মাতার খেদমত করতে হবে। আত্মীয়স্বজনের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এতিম-মিসকিনকে সাহায্য করতে হবে। নিকটতম এবং দূরতম-সব প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জীবন চলার পথে রাস্তাঘাটে, যানবাহনে বা অন্য কোনো স্থানে যখন যার সঙ্গে দেখা হয়, তার সঙ্গেই ভালো আচরণ করতে হবে। সম্ভব হলে তার খেদমত করতে হবে। পথিক-মুসাফিরের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে। মোটকথা, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত লোকের সঙ্গে ওঠা-বসা করি, কথা বলি, লেনদেন করি; সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।
লেখক : খতিব, সমিতি বাজার মসজিদ, নাখালপাড়া, ঢাকা