খালিস্তানি নেতা পান্নুনকে হত্যাচেষ্টা : ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মাটিতে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে ভাড়াটে খুনি দিয়ে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে নিখিল গুপ্তা নামে এক ভারতীয় নাগরিককে ১৯ বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত।
শুক্রবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের বিচারক ভিক্টর মারেরো ৮০ মিনিটের শুনানি শেষে ৫৫ বছর বয়সী গুপ্তাকে এই ২৩৫ মাসের কারাদণ্ডের আদেশ দেন।
পান্নুন একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে আসছে ভারত সরকার। পাশাপাশি তার সংগঠন 'শিখস ফর জাস্টিস' ভারতে নিষিদ্ধ।
এর আগে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও কানাডার দ্বৈত নাগরিক পান্নুনকে নিউইয়র্কে হত্যার উদ্দেশ্যে ভাড়াটে খুনি নিয়োগ, হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করে নেন নিখিল গুপ্তা। শুক্রবার শুনানি চলাকালে গুপ্তা সংক্ষিপ্ত বক্তব্যে তার কৃতকর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেন।
অন্যদিকে, পান্নুন তার বক্তব্যে দাবি করেন, প্রাণনাশের এই হুমকি প্রকাশ্যে আসার পর থেকে গত ১ হাজার ২০০ দিনেরও বেশি সময় (প্রায় চার বছর) ধরে তিনি তার নিয়মিত আইন পেশা পরিচালনা করতে পারছেন না। শুনানির আগে আদালতের বাইরে পান্নুনের সমর্থকরা গুপ্তাসহ অন্যান্যদের কুশপুত্তলিকা নিয়ে জড়ো হয়েছিলেন।
মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে ভারতের তৎকালীন সরকারি কর্মকর্তা বিকাশ যাদব নিউইয়র্কে পান্নুনকে হত্যার জন্য ভাড়াটে খুনি ঠিক করতে নিখিল গুপ্তাকে নিয়োগ দেন।
অভিযোগপত্রে বলা হয়, বিকাশ যাদব ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয়ে কর্মরত ছিলেন, যার অধীনে দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা পরিচালিত হয়। যাদবের নির্দেশে গুপ্তা এমন এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন, যাকে তিনি অপরাধ জগতের সহযোগী মনে করেছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে ওই ব্যক্তি ছিলেন মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) একজন গোপন তথ্যদাতা। পরবর্তীতে ওই তথ্যদাতা গুপ্তাকে এক কথিত খুনির সঙ্গে পরিচয় করিয়ে দেন, যিনি আসলে ডিইএর একজন ছদ্মবেশী কর্মকর্তা ছিলেন।
কৌঁসুলিরা আরও জানান, এই হত্যাকাণ্ডের জন্য ১ লাখ মার্কিন ডলার দেওয়ার চুক্তি হয়েছিল। তাকে অগ্রিম হিসেবে নিউইয়র্কে ১৫ হাজার ডলার পরিশোধ করা হয়। এছাড়া, গুপ্তা পান্নুনের বাড়ির ঠিকানা, ফোন নম্বর, দৈনন্দিন রুটিন এবং নজরদারির বিভিন্ন ছবি সরবরাহ করেছিলেন। ২০২৩ সালের ৩০ জুন চেক প্রজাতন্ত্রের প্রাগ থেকে গুপ্তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২০২৪ সালের জুনে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। তবে এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ যাদব এখনো মার্কিন হেফাজতের বাইরে রয়েছেন।
এদিকে, এই হত্যাচেষ্টার ষড়যন্ত্রে কোনো সরকারি কর্মকর্তার জড়িত থাকার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ভারত। ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র প্রকাশের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, কোনো ভারতীয় কর্মকর্তার নাম জড়ানো 'উদ্বেগের বিষয়' এবং এটি 'সরকারি নীতির পরিপন্থী'। এ ঘটনা তদন্তে একটি কমিটিও গঠন করা হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তদন্ত কমিটি 'এক ব্যক্তির' বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে, যার পূর্ববর্তী অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্যও পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম বিকাশ যাদব কি না, তা স্পষ্ট করেনি।
অন্যদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং 'র'-এর সাবেক প্রধান সামন্ত গোয়েলের বিরুদ্ধে মার্কিন আদালতে একটি দেওয়ানি মামলাও দায়ের করেছেন পান্নুন। গত ১৩ নভেম্বর আদালত দিল্লির আদালতের মাধ্যমে ওই দুই কর্মকর্তাকে সমন জারির নির্দেশ দেন। তবে ভারত এই মামলা সরাসরি প্রত্যাখ্যান করেছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এ ধরনের ভিত্তিহীন মামলা আমলে নিচ্ছে না। এর আগেও উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগকে 'মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত' বলে নাকচ করে দিয়েছিলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তথ্যসূত্র : এনডিটিভি