খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

খিলগাঁওয়ে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিকি ছবি

রাজধানীর খিলগাঁও নাগদারপাড় এলাকায় চোর সন্দেহে মোস্তফা (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১নভেম্বর) সকাল ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় পুলিশ ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে খবর পেয়ে নাগদারপাড় ইকো পেট্রোল পাম্পের সামনে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় দেখতে পাই। এরপর তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে মারা যায়।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভোরের দিকে ওই যুবক একটি ওয়ার্কশপের টিনসেডের উপর থেকে নিচে পরে যায়।

এরপর চোর সন্দেহে ওয়ার্কশপের কর্মচারীরা তাকে পিটিয়ে হত্যা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি আরো তদন্ত করে দেখা হচ্ছে। নিহত মোস্তফা খিলগাঁও নন্দিপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম নিয়ামত আলী।