সুজানগরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী লেখক-সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ

সুজানগরে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী লেখক-সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ

ছবিঃ সংগৃহিত।

স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভা পর্যায়ে প্রাথমিকভাবে আরও ২০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় পাবনার সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন লেখক, সাংবাদিক, কথাসাহিত্যিক ও রাজনীতিবিদ মুহাম্মাদ আসাদুল্লাহ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

মুহাম্মাদ আসাদুল্লাহ পাবনা জেলার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। পাশাপাশি যুবশক্তির প্রেস উইংয়ের দায়িত্বেও রয়েছেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করা আসাদুল্লাহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা করেছেন। তার কর্মস্থলের তালিকায় রয়েছে চ্যানেল আই, দেশ রূপান্তর, বণিক বার্তা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক আমার দেশ।

শৈশব থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত আসাদুল্লাহর এ পর্যন্ত তিনটি উপন্যাস ও চারটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০২৭ সালের বইমেলায় তাঁর রাজনৈতিক উপন্যাস ‘কাঞ্চনবতী’ প্রকাশের অপেক্ষায় রয়েছে।

ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় তিনি। দীর্ঘদিন ধরে টেলিভিশন টকশো ও লেখালেখির মাধ্যমে এনসিপির রাজনৈতিক অবস্থানের পক্ষে কথা বলে আসছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় মুহাম্মাদ আসাদুল্লাহ বলেন, ‘দল আমাকে মনোনীত করায় কৃতজ্ঞ। সুজানগরের মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব উপজেলা পরিষদ গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমার উপজেলার মানুষ গতানুগতিক রাজনীতির ধারায় আটকে আছে। গত ৫৫ বছরে তিন-চারটি পরিবারের বাইরে তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি। আমি সুজানগরের মানুষের জন্য রাজনীতির নতুন ধারা প্রবর্তন করব। ক্ষমতাকে জনমানুষের কাতারে নামিয়ে আনব, ইনশাআল্লাহ। উপজেলার প্রতিটি দিক নিয়ে আমার বিস্তৃত গবেষণা আছে। ধীরে ধীরে সেগুলো প্রকাশ করব। আমার বিশ্বাস, সুজানগরবাসী তারুণ্যনির্ভর উদ্ভাবনী চিন্তার রাজনীতিকে লুফে নেবে।’

সুজানগরকে আধুনিক, দুর্নীতিমুক্ত ও উন্নয়নবান্ধব উপজেলায় রূপান্তরের প্রত্যয় জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য পূরণে সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।