নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় ভাঙচুর-অগ্নিসংযোগ
ছবিঃ সংগৃহিত।
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিকালে এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতা-কর্মী চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন। পরে সেখান থেকে একটি মিছিল বের করেন তারা।
মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল হয়ে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে। একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে ব্যাপক ভাঙচুর চালান তারা।
হামলাকারীরা সেখানে প্রায় পাঁচ মিনিট অবস্থান করে চলে যান। এ সময় ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। পরে মিছিলকারীরা সড়কে প্রায় ১০ মিনিট মিছিল করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুরে বৃষ্টির মধ্যে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারে মিছিল করেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলের সঙ্গে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানার ছিল। মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের সামনে গিয়ে প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সময়ে অফিসটির বাইরের জানালার কাচ ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে বিকাল থেকে রাত পর্যন্ত চৌমুহনী বাজারের মূল সড়কে অবস্থান নেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বেগমগঞ্জ থানার ওসি মাহবুবুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের অফিস। পরে তারা ভবনটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।