ইসলামী বিশ্ববিদ্যালেয়র স্ববৈশিষ্ট্য রক্ষায় সকল বিভাগে সমন্বিত ইসলামী কোর্স প্রণয়ন: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর হোক একমাত্র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালেয়র স্ববৈশিষ্ট্য রক্ষায় সকল বিভাগে সমন্বিত ইসলামী কোর্স প্রণয়ন: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর  হোক একমাত্র দাবি

ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী

ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী

ভূমিকা

একটি বিশ্ববিদ্যালয় কেবল জ্ঞান বিতরণ, ডিগ্রি প্রদান কিংবা পেশাজীবী তৈরির প্রতিষ্ঠান নয়; এটি মানুষ গড়ার কেন্দ্র, সভ্যতা বিনির্মাণের কারখানা এবং একটি জাতির ভবিষ্যৎ নেতৃত্ব সৃষ্টির অন্যতম প্রধান ক্ষেত্র। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যদি মানুষের মধ্যে জ্ঞান, নৈতিকতা, মানবিকতা, দায়িত্ববোধ ও স্রষ্টার প্রতি জবাবদিহির চেতনা সৃষ্টি করতে না পারে, তাহলে সেই শিক্ষার পূর্ণাঙ্গ উদ্দেশ্য অর্জিত হয় না। বিশেষত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো একটি আদর্শভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ বিষয়টি আরও বেশি গুরুত্বপূর্ণ।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যে ঐতিহাসিক প্রত্যাশা, আদর্শ ও দর্শন কাজ করেছে, তার অন্যতম উদ্দেশ্য ছিল ইসলামী মূল্যবোধের আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উচ্চশিক্ষার বিকাশ ঘটানো। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রতিষ্ঠার প্রায় পাঁচ দশকের দ্বারপ্রান্তে এসে বিশ্ববিদ্যালয়টি তার সেই স্বতন্ত্র লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কতটা অগ্রসর হয়েছে? বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে আধুনিক বিষয়ভিত্তিক শিক্ষা ও গবেষণা পরিচালিত হলেও শিক্ষার্থীদের সামগ্রিক জীবনদর্শন, নৈতিকতা, পেশাগত সততা এবং ইসলামী মূল্যবোধের সমন্বিত বিকাশ কতটা নিশ্চিত হচ্ছে?

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের বিদ্যমান পাঠ্যক্রমের সঙ্গে বিষয়ভিত্তিক সমন্বিত ইসলামী কোর্স সংযোজন ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এটি একটি বাস্তবসম্মত দাবি। এটি কেবল একটি একাডেমিক সংস্কার নয়; বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও আদর্শের সঙ্গে শিক্ষাব্যবস্থার কার্যকর সংযোগ প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক উদ্যোগ।

প্রতিষ্ঠার আদর্শ ও বর্তমান বাস্তবতা

ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী প্রতিষ্ঠান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনকারী মওলানা আকরম খাঁ, মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী এবং মওলানা ভাষানীসহ আন্দোলনকারী সকলের প্রতি শ্রদ্ধা  রেখে ১৯৭৭ সালের প্রফেসর ড. এম.এ.বারী  কমিটির সুপারিশের আলোকে ১৯৭৯ সালে এটি প্রতিষ্ঠা করেন। বর্তমান সরকারও এ বিশ্ববিদ্যালয়টি সমহিমায় ভাস¦র হোক এবিষয়ে ইতিবাচক মনোভাব পোষন করছে।

প্রতিটি বিশেষায়িত প্রতিষ্ঠানের বৈশিষ্ট নামের মধ্যেই নিহিত থাকে। স্বাভাবিকভাবে ইসলামী বিশ্ববিদ্যালয় এর নাম, প্রতিষ্ঠার প্রেক্ষাপট এবং প্রাতিষ্ঠানিক পরিচয়ের মধ্যেই ইসলামী শিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ের প্রত্যাশা নিহিত রয়েছে। এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য শুধু ইসলামী জ্ঞানচর্চার জন্য কয়েকটি বিভাগ চালু করা নয়; বরং আধুনিক শিক্ষার বিভিন্ন শাখায় ইসলামী মূল্যবোধ ও জীবনদর্শনের ইতিবাচক প্রয়োগ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি করাও এর অন্যতম গুরুত্বপূর্ণ ।

১৯৮৫-৮৬ সালে  প্রাথমিক পর্যায়ে দুটি অনুষদের অধীনে ৪টি বিভাগ নিয়ে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। ইসলামী জ্ঞানচর্চার পাশাপাশি মানবিক, সামাজিক, প্রাকৃতিক, প্রয়োগিক ও প্রযুক্তিগত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে 9টি অনুষদের অধীনে 38টি বিভাগ এবং একটি ইনস্টিটিউট রয়েছে। প্রায় ২০ হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক I স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা যথাক্রমে (প্রায়) ৩৫ হাজার I ৩০ হাজার। এই বিপুলসংখ্যক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট দেশের শিক্ষা, প্রশাসন, গবেষণা, বিচার, ব্যবসা, শিল্প, প্রযুক্তি এবং অন্যান্য পেশাগত ক্ষেত্রে অবদান রাখছেন। তাঁদের অনেকে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের দায়িত্বেও নিয়োজিত রয়েছেন। এপর্যন্ত বিশ্ববিদ্যালয় ৭৯১ জন এমফিল এবং ৭১৬ জন পিএইচডি গবেষককে উচ্চতর ডিগ্রি প্রদান করেছে এ বিশ্ববিদ্যালয়।

 

বিশ্ববিদ্যালয়ে অনার্স, মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ে শিক্ষা ও গবেষণার সুযোগ রয়েছে। পাশাপাশি বিভিন্ন পেশাগত ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালুর মাধ্যমে ভাষাশিক্ষা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা, ইংরেজি, আরবি, চীনা ও জাপানি ভাষার কোর্স এক্ষেত্রে উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, শিক্ষার গুণগত উৎকর্ষ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে (IQAC) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এ বিশাল মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন গৌরবের, তেমনি একটি বড় দায়িত্বও বটে। বিশ্ববিদ্যালয় যদি তার শিক্ষার্থীদের আধুনিক জ্ঞানের পাশাপাশি ইসলামী জীবনদর্শন, নৈতিকতা ও মানবকল্যাণের চেতনায় সমৃদ্ধ করতে পারে, তাহলে তার ইতিবাচক প্রভাব শুধু বিশ্ববিদ্যালয়েই সীমাবদ্ধ থাকবে না; বরং সমগ্র দেশ ও জাতির ওপর পড়বে।

সকল বিভাগে সমন্বিত ইসলামী কোর্স প্রয়োজন কেন?

বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার অন্যতম বড় সংকট হলো জ্ঞান ও নৈতিকতার মধ্যে বিচ্ছিন্নতা। একজন শিক্ষার্থী চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর জ্ঞান অর্জন করছেন, কিন্তু চিকিৎসা পেশার নৈতিক দায়িত্ব সম্পর্কে যথেষ্ট সচেতন নন। একজন প্রকৌশলী প্রযুক্তিগত দক্ষতা অর্জন করছেন, কিন্তু তাঁর আবিষ্কার ও উদ্ভাবন মানবকল্যাণে ব্যবহারের নৈতিক দায়বদ্ধতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাচ্ছেন না। একজন ব্যবসায়ী অর্থনীতি ও ব্যবস্থাপনা শিখছেন, কিন্তু সততা, ন্যায়বিচার, সুদমুক্ত লেনদেন এবং সামাজিক দায়িত্বের ইসলামী নির্দেশনা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করছেন না।এভাবে জ্ঞান অর্জন ও নৈতিক চেতনার মধ্যে দূরত্ব তৈরি হলে শিক্ষার পূর্ণাঙ্গ উদ্দেশ্য ব্যাহত হয়।

ইসলাম জ্ঞানকে বিভক্ত করে না; বরং জ্ঞানার্জনকে মানবকল্যাণ, সত্য অনুসন্ধান এবং স্রষ্টার পরিচয় লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে। পবিত্র কyরআনের প্রথম অবতীর্ণ নির্দেশই ছিল,পড়। এ নির্দেশের মাধ্যমে জ্ঞানার্জনের গুরুত্ব সুস্পষ্ট হয়েছে। একইভাবে কyরআন মানুষকে প্রকৃতি, মহাকাশ, প্রাণিজগৎ, মানবসৃষ্টি, ইতিহাস ও সমাজব্যবস্থা নিয়ে চিন্তা-গবেষণার আহ্বান জানিয়েছে।

অতএব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের নিজ নিজ বিষয়ের সঙ্গে সম্পর্কিত ইসলামী জ্ঞান, নৈতিক নির্দেশনা ও জীবনমুখী শিক্ষা অর্জনের সুযোগ থাকা উচিত।

এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন: প্রতিটি বিভাগকে ইসলামী শিক্ষার বিভাগে পরিণত করা কিংবা প্রচলিত বিষয়ভিত্তিক শিক্ষার পরিবর্তে ধর্মীয় শিক্ষা চালু করা এ প্রস্তাবের উদ্দেশ্য নয়। বরং প্রত্যেক বিভাগের নিজস্ব বিষয়বস্তু ও পেশাগত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পৃথক, সুপরিকল্পিত ও সমন্বিত ইসলামী কোর্স প্রণয়ন করাই এর মূল লক্ষ্য।

বিষয়ভিত্তিক শিক্ষার সঙ্গে ইসলামী জ্ঞানের সমন্বয়

সমন্বিত ইসলামী কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো বিষয়ভিত্তিক প্রাসঙ্গিকতা। সব বিভাগের জন্য একই ধরনের সাধারণ ধর্মীয় পাঠ্যসূচি চাপিয়ে দিলে কাঙ্ক্ষিত ফল অর্জিত হবে না। বরং প্রতিটি বিভাগের শিক্ষার প্রকৃতি, কর্মক্ষেত্র এবং ভবিষ্যৎ পেশাগত দায়িত্ব বিবেচনায় নিয়ে কোর্স প্রণয়ন করতে হবে।

উদাহরণস্বরূপ

১. চিকিৎসাবিজ্ঞান ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষা: মানবজীবনের মর্যাদা, জীবন রক্ষা, রোগীর অধিকার, চিকিৎসকের আমানতদারিতা, চিকিৎসা নৈতিকতা, পরিচ্ছন্নতা, খাদ্য ও পুষ্টি, মানবদেহের প্রতি দায়িত্ব এবং চিকিৎসাসেবার ইসলামী দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা যেতে পারে।

২. আইন বিভাগ: ন্যায়বিচার, সাক্ষ্যের সত্যতা, বিচারকের দায়িত্ব, মানবাধিকার, অপরাধ ও শাস্তি, সামাজিক সুবিচার, দুর্নীতি প্রতিরোধ এবং ইসলামী আইন ও আধুনিক আইনব্যবস্থার তুলনামূলক আলোচনা অন্তর্ভুক্ত করা যেতে পারে।

৩. অর্থনীতি ও ব্যবসায় প্রশাসন: হালাল উপার্জন, সুদ, যাকাত, সম্পদের সুষম বণ্টন, ব্যবসায়িক সততা, শ্রমিকের অধিকার, ভোক্তার অধিকার, বাজার নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন ও ইসলামী অর্থনৈতিক দর্শন পড়ানো যেতে পারে।

৪. প্রকৌশল ও প্রযুক্তি বিভাগ: প্রযুক্তির নৈতিক ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, নিরাপদ অবকাঠামো নির্মাণ, জনকল্যাণমূলক উদ্ভাবন, সম্পদের অপচয় রোধ এবং মানবসভ্যতার প্রতি প্রযুক্তিবিদের দায়িত্ব আলোচনায় আসতে পারে।

৫. কৃষি ও জীববিজ্ঞান: ভূমি, পানি ও জীববৈচিত্র্য সংরক্ষণ, খাদ্য নিরাপত্তা, প্রাণীর অধিকার, পরিবেশের ভারসাম্য, অপচয় রোধ এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ব অন্তর্ভুক্ত হতে পারে।

৬. বাংলা, ইংরেজি ও অন্যান্য ভাষা বিভাগ: ভাষার নৈতিক ব্যবহার, সত্য প্রকাশ, অপবাদ ও মিথ্যাচার থেকে বিরত থাকা, সাহিত্য ও মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা এবং ইসলামী সভ্যতার সাহিত্যিক অবদান নিয়ে আলোচনা হতে পারে।

৭. সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান: পরিবারব্যবস্থা, সামাজিক ন্যায়বিচার, নাগরিক অধিকার ও দায়িত্ব, সুশাসন, নেতৃত্বের নৈতিকতা, মানবিক মর্যাদা, দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির ধারণা অন্তর্ভুক্ত করা যেতে পারে।

৮. গণযোগাযোগ ও সাংবাদিকতা: সংবাদ পরিবেশনের সততা, তথ্য যাচাই, গুজব প্রতিরোধ, ব্যক্তিগত গোপনীয়তা, গণমাধ্যমের দায়িত্ব এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার ইসলামী নীতিমালা পড়ানো যেতে পারে।

৯. গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন: প্রকৃতির নিয়ম, সৃষ্টিজগতের শৃঙ্খলা, পরিমাপের নির্ভুলতা, গবেষণার সততা, বৈজ্ঞানিক পদ্ধতি এবং কyরআনের প্রাসঙ্গিক আয়াতের আলোকে চিন্তা ও গবেষণার দৃষ্টিভঙ্গি আলোচনা করা যেতে পারে।

এভাবে প্রতিটি বিভাগের নিজস্ব পাঠ্যবিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক ইসলামী জ্ঞান যুক্ত হলে শিক্ষার্থীরা শুধু পেশাগত দক্ষতাই অর্জন করবেন না; বরং তাঁদের পেশাতে মানবকল্যাণের কাজে ব্যবহারের নৈতিক দৃষ্টিভঙ্গিও গড়ে উঠবে।

কyরআন-হাদিস হবে সমন্বিত কোর্সের মূল ভিত্তি

প্রস্তাবিত কোর্সের প্রধান ভিত্তি হবে পবিত্র কyরআন ও নির্ভরযোগ্য হাদিস। তবে এ কোর্সের উদ্দেশ্য শুধু আয়াত ও হাদিস মুখস্থ করানো নয়; বরং সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সেগুলোর সম্পর্ক, তাৎপর্য, প্রয়োগ ও বাস্তব জীবনের শিক্ষা অনুধাবন করানো।

উদাহরণস্বরূপ, চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীকে মানবজীবনের মর্যাদা ও জীবন রক্ষার গুরুত্ব সম্পর্কে কyরআনের নির্দেশনা জানতে হবে। অর্থনীতির শিক্ষার্থীকে সম্পদের ন্যায়সংগত বণ্টন ও সুদবিষয়ক নির্দেশনা বুঝতে হবে। আইন বিভাগের শিক্ষার্থীকে ন্যায়বিচার প্রতিষ্ঠার কyরআনিক নির্দেশনা জানতে হবে। পরিবেশবিষয়ক শিক্ষার্থীকে পৃথিবীতে ভারসাম্য রক্ষা এবং বিপর্যয় সৃষ্টি না করার নির্দেশনা অনুধাবন করতে হবে।

এ ক্ষেত্রে কyরআনের আয়াতের প্রকৃত বক্তব্য, প্রাসঙ্গিকতা ও নির্ভরযোগ্য তাফসিরের আলোকে আলোচনা করতে হবে। যেখানে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো বিষয়ের সরাসরি সম্পর্ক রয়েছে, সেখানে তা যথাযথ বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করতে হবে। জোরপূর্বক কোনো বৈজ্ঞানিক তত্ত্বকে কyরআনের বক্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা যাবে না। একইভাবে ইসলামী নির্দেশনার নামে কোনো বিষয়ের বৈজ্ঞানিক সত্যতাকেও অস্বীকার করা যাবে না।

এমন ভারসাম্যপূর্ণ পদ্ধতিই ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বিত জ্ঞানচর্চাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে পারে।

নৈতিক ও আদর্শ নাগরিক গঠনে ভূমিকা

বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাফল্য শুধু ভালো ফলাফল, উচ্চতর ডিগ্রি কিংবা আকর্ষণীয় চাকরি লাভের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি কতটা সৎ, দায়িত্বশীল, মানবিক, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক—সেটিও তাঁর শিক্ষার সাফল্যের গুরুত্বপূর্ণ মানদণ্ড।

একজন চিকিৎসক যদি অর্থের বিনিময়ে রোগীর প্রতি অবিচার করেন, একজন আইনজীবী যদি জেনে-বুঝে মিথ্যা মামলায় সহযোগিতা করেন, একজন প্রকৌশলী যদি আর্থিক সুবিধার জন্য নিম্নমানের নির্মাণকাজে সহযোগিতা করেন, একজন প্রশাসক যদি ক্ষমতার অপব্যবহার করেন, কিংবা একজন ব্যবসায়ী যদি প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন করেন, তাহলে তাঁদের উচ্চশিক্ষা সমাজের জন্য প্রত্যাশিত কল্যাণ বয়ে আনতে ব্যর্থ হয়।

এ সমস্যা সমাধানে শুধু আইন, শাস্তি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। মানুষের অন্তরে নৈতিক দায়বদ্ধতা ও জবাবদিহির চেতনা জাগ্রত করতে হবে।

ইসলামী শিক্ষা মানুষের মধ্যে এই বিশ্বাস সৃষ্টি করে যে, মানুষের প্রতিটি কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বিশ্বাস যখন পেশাগত জীবনের সঙ্গে যুক্ত হয়, তখন তা ব্যক্তির আচরণ, সিদ্ধান্ত ও দায়িত্ব পালনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের শিক্ষার্থীর মধ্যে পেশাগত দক্ষতার পাশাপাশি আল্লাহভীতি, সততা, আমানতদারিতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ সৃষ্টি করা প্রয়োজন। সমন্বিত ইসলামী কোর্স এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রস্তাবটির উদ্দেশ্য প্রচলিত শিক্ষাব্যবস্থার পরিপূরক প্রতিবন্ধক নয়

এ প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আশঙ্কা দূর করা প্রয়োজন। কেউ যেন মনে না করেন যে, ইসলামী কোর্স চালুর ফলে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা কিংবা পেশাগত শিক্ষার গুরুত্ব কমে যাবে।

বাস্তবে প্রস্তাবটির উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত। আধুনিক জ্ঞান ও গবেষণাকে আরও মানবিক, নৈতিক এবং কল্যাণমুখী করে তোলাই এর লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের বিদ্যমান সিলেবাস, ক্রেডিট কাঠামো এবং শিক্ষার মান অক্ষুণ্ন রেখে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে এ কোর্স চালু করা যেতে পারে। প্রয়োজনে বিদ্যমান সাধারণ শিক্ষা বা ঐচ্ছিক কোর্সের কাঠামো পুনর্বিন্যাস করা যেতে পারে। কোর্সের বিষয়বস্তু এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা অপ্রয়োজনীয় পাঠের চাপে না পড়েন; বরং তাঁদের নিজস্ব বিষয়ে অধিকতর দায়িত্বশীল ও সচেতন হয়ে ওঠেন। এটি হবে জ্ঞান, নৈতিকতা ও পেশাগত দক্ষতার সমন্বিত শিক্ষা।

কোর্স প্রণয়নের প্রস্তাবিত কাঠামো

প্রতিটি বিভাগের জন্য একটি স্বতন্ত্র কোর্স প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি সাধারণ বিষয় অনুসরণ করা যেতে পারে।

প্রথমত: সংশ্লিষ্ট বিভাগের বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত কyরআনের আয়াত ও নির্ভরযোগ্য হাদিস নির্বাচন করতে হবে।

দ্বিতীয়ত: নির্বাচিত আয়াত ও হাদিসের অর্থ, ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট ইসলামী পরিভাষার পরিচিতি দিতে হবে।

তৃতীয়ত: সংশ্লিষ্ট বিষয়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরতে হবে।

চতুর্থত: পেশাগত জীবনে ইসলামী নৈতিকতা ও নির্দেশনার বাস্তব প্রয়োগ আলোচনা করতে হবে।

পঞ্চমত: দেশ, সমাজ, মানবসভ্যতা ও পরিবেশের কল্যাণে সংশ্লিষ্ট পেশাজীবীর দায়িত্ব নির্ধারণ করতে হবে।

ষষ্ঠত: শিক্ষার্থীদের জন্য বাস্তব ঘটনা, সমস্যা বিশ্লেষণ, দলীয় আলোচনা ও প্রয়োগমূলক কাজের ব্যবস্থা রাখতে হবে।

প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে কয়েকটি বিভাগে চালু করে অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে সব বিভাগে সম্প্রসারণ করা যেতে পারে।

বাস্তবায়নে যাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ

এ প্রস্তাব বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, অনুষদ, বিভাগ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করতে পারে। এ কমিটিতে কyরআন ও ইসলামিক স্টাডিজ, আধুনিক বিজ্ঞান, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, চিকিৎসা, প্রকৌশল, অর্থনীতি এবং শিক্ষা বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করা যেতে পারে।

এরপর প্রতিটি অনুষদে পৃথক উপকমিটি গঠন করে সংশ্লিষ্ট বিভাগের জন্য কোর্সের খসড়া প্রণয়ন করা যেতে পারে। কোর্স প্রণয়নের ক্ষেত্রে দেশ-বিদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় ও আধুনিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অভিজ্ঞতা পর্যালোচনা করা উচিত।

এ কোর্স পাঠদানের জন্য শুধু ইসলামিক স্টাডিজের শিক্ষক নিয়োগ করলেই হবে না; বরং সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক এবং ইসলামী জ্ঞানসম্পন্ন বিশেষজ্ঞদের যৌথ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের প্রস্তুত করতে হবে।

একই সঙ্গে পাঠ্যপুস্তক, সহায়ক গ্রন্থ, ডিজিটাল শিক্ষা উপকরণ এবং গবেষণাভিত্তিক পাঠ্যসামগ্রী তৈরি করতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উদ্যোগকে একটি মডেল উচ্চশিক্ষা কর্মসূচিতে পরিণত করা সম্ভব। পরবর্তী সময়ে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ও নিজ নিজ বাস্তবতা অনুযায়ী এ মডেল অনুসরণ করতে পারে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচিতি

বর্তমান বিশ্বে উচ্চশিক্ষার অন্যতম প্রধান চ্যালেঞ্জ হলো জ্ঞান, প্রযুক্তি, নৈতিকতা ও মানবিকতার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা। বিশ্বব্যাপী দুর্নীতি, যুদ্ধ, বৈষম্য, পরিবেশ বিপর্যয়, অর্থনৈতিক শোষণ, প্রযুক্তির অপব্যবহার এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় নতুন করে নৈতিক শিক্ষার গুরুত্ব সামনে নিয়ে এসেছে।

এ বাস্তবতায় ইসলামী বিশ্ববিদ্যালয় যদি আধুনিক জ্ঞানচর্চার সঙ্গে কyরআন-হাদিসভিত্তিক নৈতিক ও জীবনমুখী শিক্ষার একটি কার্যকর মডেল প্রতিষ্ঠা করতে পারে, তাহলে তা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের গবেষণায় ইসলামী মূল্যবোধ, মানবকল্যাণ ও পেশাগত নৈতিকতার সমন্বিত প্রয়োগ নতুন গবেষণার ক্ষেত্র সৃষ্টি করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক গবেষক, শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি আরও সমৃদ্ধ হতে পারে।

এ উদ্যোগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র পরিচয়কে শক্তিশালী করবে এবং আধুনিক বিশ্বে ইসলামের জ্ঞানভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী দর্শন তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একটি ঐতিহাসিক সিদ্ধান্তের প্রত্যাশা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু অতীতের সাফল্য স্মরণ, আনন্দ-উৎসব কিংবা আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এটি হওয়া উচিত প্রতিষ্ঠার মূল আদর্শ পুনর্মূল্যায়ন, অর্জন ও সীমাবদ্ধতা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণের উপলক্ষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এ প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল বিভাগের জন্য সমন্বিত ইসলামী কোর্স প্রণয়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে তা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

এ লক্ষ্যে নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করা যেতে পারে

১. বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের জন্য বিষয়ভিত্তিক সমন্বিত ইসলামী কোর্স প্রণয়নের নীতিগত অনুমোদন।

২. ছয় মাসের মধ্যে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে কোর্সের খসড়া প্রণয়ন।

৩. প্রতিটি অনুষদের অধীনে বিভাগভিত্তিক পাঠ্যসূচি পর্যালোচনা ও সমন্বয়।

৪. উপযুক্ত পাঠ্যপুস্তক ও গবেষণাভিত্তিক শিক্ষা উপকরণ তৈরি।

৫. শিক্ষক প্রশিক্ষণ ও প্রয়োজনীয় জনবল প্রস্তুত করা।

৬. পাইলট প্রকল্পের মাধ্যমে কোর্সের কার্যকারিতা মূল্যায়ন।

৭. পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে বিষয়ভিত্তিক সমন্বিত  কোর্স চালু করা।

৮. প্রতি তিন বছর অন্তর কোর্সের বিষয়বস্তু ও কার্যকারিতা পর্যালোচনা করে আধুনিকায়ন করা।

উপসংহার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সার্থকতা শুধু কতটি অনুষদ, বিভাগ, ভবন কিংবা শিক্ষার্থী রয়েছে, তার মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সার্থকতা নির্ভর করবে বিশ্ববিদ্যালয়টি তার প্রতিষ্ঠার আদর্শ অনুসারে কতটা জ্ঞানী, দক্ষ, সৎ, নৈতিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক তৈরি করতে পারছে, তার ওপর।

আমরা এমন একটি উচ্চশিক্ষাব্যবস্থা প্রত্যাশা করি, যেখানে একজন প্রকৌশলী হবেন দক্ষ প্রযুক্তিবিদ ও জনকল্যাণের রক্ষক, একজন আইনজীবী হবেন ন্যায়বিচারের সহযোগী, একজন অর্থনীতিবিদ হবেন ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার চিন্তক, একজন শিক্ষক হবেন জ্ঞান বিতরণের পাশাপাশি নৈতিক আদর্শের বাহক এবং একজন প্রশাসক হবেন সততা ও জবাবদিহির প্রতীক।

এ প্রত্যাশা পূরণে আধুনিক বিষয়ভিত্তিক শিক্ষার সঙ্গে কyরআন-হাদিসভিত্তিক ইসলামী জ্ঞানের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ জ্ঞান মানুষকে দক্ষ করে, আর নৈতিকতা সেই দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করে।

আমাদের প্রস্তাব, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের জন্য স্বতন্ত্র ও বিষয়ভিত্তিক সমন্বিত ইসলামী কোর্স প্রণয়ন ও বাস্তবায়নের ঘোষণা দেওয়া হোক। এটি কোনো একটি বিভাগের সম্প্রসারণ কিংবা নতুন একটি অনুষদ প্রতিষ্ঠার দাবি নয়; বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে তার প্রতিষ্ঠার মূল দর্শনের সঙ্গে সংযুক্ত করার দাবি।

তথ্যসূত্র ও সহায়ক গ্রন্থপঞ্জি

  1. ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০, ২৭ ডিসেম্বর ১৯৮০।
  2. Dr MA Bari, Report of the Committee of the Islamic University,1977.
  3. Ali, Ayub (1983). History of Traditional Islamic Education in Bangladesh. Islamic Foundation Bangladesh, Dhaka.
  4. Banglapedia, (Islamic University:Dr.A.B.M. Saiful Islam Siddiqi).
  5. Bangladesh Observer, 23 November 1979.
  6. ইসলামী বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্য,ড.আ ব ম সাইফুল ইসলাম সিদ্দীকী,2016।
  7. ইসলামী বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটের পরিচিতি ও ইতিহাসবিষয়ক তথ্য।
  8. প্রথম সমাবর্তন স্মারক,ইসলামী বিশ্ববদ্যিালয়, ১৯৯৩।
  9. ওরিয়েন্টেশন ২০২৬, ইসলামী বিশ্ববদ্যিালয় বাংলাদেশ।
  10. ইসলামী বিশ্ববদ্যিালয়ের ইতহিাস ও ঐতিহ্য বিষয়ক প্রকাশতি গবষেণা ও প্রাসঙ্গিক দলিলপত্র।

লেখক পরিচিতি:  প্রফেসর, ইসলামী বিশ্ববদ্যিালয়, কুষ্টিয়া।