বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের
ফাইল ছবি
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
শনিবার সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী কর্তৃক সংবাদমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান তারা।
হেফাজতের এই দুই শীর্ষ নেতা বলেন, রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে পনেরো বছর গুম-খুন, পিলখানা, শাপলা ও জুলাইসহ একের পর এক গণহত্যা চালানোর পর বাংলাদেশে দলটির (আওয়ামী লীগ) আর কোনো রাজনৈতিক লেজিটিমেসি থাকতে পারে না। আওয়ামী সন্ত্রাসবাদ ও ফ্যাসিবাদ নির্মূল না করলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
তারা বলেন, আওয়ামী লীগের ব্যাপারে ভিকটিম শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই।
বিবৃতিতে হেফাজত আমির ও মহাসচিব আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতাকর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
তারা বলেন, দিল্লির মদতে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব। তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না।