মেসেঞ্জারে বিয়ে করা যাবে?
ফাইল ছবি
কেউ যদি মেসেঞ্জারে কাউকে বিয়ে করে তাহলে কি সেই বিয়ে কার্যকর হবে? অর্থাৎ, মেসেঞ্জারে বিয়ে করার মাধ্যমে কেউ স্বামী-স্ত্রী হতে পারবে? যেমন, কেউ মেসেঞ্জার গ্রুপে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিলো। গ্রুপের অন্য সদস্যদের মধ্যে ২ জন বিয়ের সাক্ষী হলো, ছেলে, মেয়ে দুজনেই বিয়েতে রাজি হলো এবং ৩ বার কবুল বলে বিয়ে করলো। এভাবে বিয়ে করলে কি বিয়ে হবে?
ইসলামের দৃষ্টিতে বিয়ে হওয়ার জন্য অন্যতম শর্ত হলো, শরিয়তের দৃষ্টিতে উপযুক্ত সাক্ষীরা একই মজলিসে উপস্থিত হয়ে, বর ও কনের ইজাব-কবুল শ্রবণ করা। অন্যথায় বিবাহ হবে না।
ফকীহ মোল্লা খসরু (রহ.) বলেন, দুইজন স্বাধীন, প্রাপ্তবয়স্ক ও বিবেকসম্পন্ন পুরুষ, অথবা একজন পুরুষ ও দুইজন নারী সাক্ষীর উপস্থিত থাকা এবং তাদের একসঙ্গে বর-কনের ইজাব-কবুল শ্রবণ করা শর্ত।
মেসেঞ্জার, টেলিফোন ও এজাতীয় যোগাযোগ মাধ্যমে বিবাহের ক্ষেত্রে উপরোক্ত একাধিক শর্ত অনুপস্থিত থাকে। তাই সমসাময়িক ফকীহগণের মতে এধরণের মাধ্যম ব্যবহার করে বিবাহ করলে তা সহীহ হবে না।
আন্তর্জাতিক ফিকহ একাডেমি মাজমাউল ফিকহিল ইসলামি জেদ্দা- এর ৫২ নম্বর সিদ্ধান্তে বলা হয়েছে, টেলিগ্রাম, ফ্যাক্স, কম্পিউটার, টেলিফোন কিংবা ওয়্যারলেসের মাধ্যমে বিবাহ সহীহ হয় না। কারণ, (বিবাহের মজলিসে) সাক্ষীদের উপস্থিতি শর্ত।
তাই মেসেঞ্জার গ্রুপে দুইজন সাক্ষী উপস্থিত রেখে বিয়ের জন্য কবুল বললে বিয়ে হবে না এবং তা বৈবাহিক সম্পর্ক হিসেবে গণ্য করা যাবে না। বিয়ে করতে চাইলে বর, কনে উভয়ের জন্য শরিয়তসম্মত পদ্ধতিতে সকল শর্ত পূরণ করে পুনরায় বিয়ে করা জরুরি।