সীমান্তে চোরাচালানের চেষ্টা, বিজিবির অভিযানে জব্দ ৭ ভারতীয় গরু
ছবিঃ সংগৃহীত।
সীমান্ত দিয়ে আনা হয়েছিল ভারতীয় সাতটি গরু। তবে চোরাচালানের সেই চেষ্টা সফল হয়নি। বিজিবির অভিযানের মুখে গরুগুলো ফেলে পালিয়ে যায় সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।
রোববার (২২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামালপুর ৩৫ বিজিবি। এর আগে ভোরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সাহেবের আলগা সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা অভিযানে অংশ নেন।
জামালপুর ৩৫ বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা এলাকায় ভারতীয় গরু চোরাচালানের খবর পায় বিজিবি। পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সাতটি ভারতীয় গরু জব্দ করা হয়।
জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে অভিযানের সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।