ভারতের ভোটার তালিকায় নাম নেই, বাংলাদেশে পাঠানোর হুমকিতে নারীর আত্মহত্যা
প্রতীকী ছবি।
ভারতের পশ্চিমবঙ্গের ধূপগুড়িতে বানু বেগম (৪৩) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং প্রতিবেশীদের ‘বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার’ হুমকিতে মানসিক চাপে পড়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তুলেছে পরিবার। তবে এর পেছনে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) ধূপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে বানুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, ভোটার তালিকা সংশোধনের সময় স্বামীর নাম থাকলেও বানুর নাম বাদ পড়ে। গত সাত-আট মাস ধরে নাম ফেরাতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে এবং ট্রাইব্যুনালে মামলা করেও সুরাহা পাননি তিনি।
পরিবারের অভিযোগ, রেশন ও অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি প্রতিবেশীদের কটূক্তি এবং বাংলাদেশে পাঠানোর হুমকিতে চরম অবসাদে ভুগছিলেন বানু। স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় ১২০ জনের নাম তালিকা থেকে বাদ পড়ায় সরকারি সুবিধা হারানো নিয়ে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, ক্ষতিপূরণ ও বাদ পড়া বৈধ ভোটারদের নাম পুনর্বহালের দাবি জানিয়ে শাসক দলের বিরুদ্ধে ভীতির পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে সিপিআইএম। পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ময়নাতদন্ত ও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।