কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

কাদা নিয়ে বিরোধ, বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

ছবিঃ সংগৃহীত।

নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় কাদা হওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন আটপাড়া উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ির সামনে মগড়া নদীর ঘাটে গোসল করতে যায় মামুন। এতে ঘাটে কাদা জমে যায়। পরে জুমার নামাজের আগে একই ঘাটে ওজু করতে যান স্থানীয় বাসিন্দা আব্দুল জব্বার (৫২)। এ সময় কাদায় পিছলে পড়ে যাওয়াকে কেন্দ্র করে মামুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি শুরু হলে আব্দুল জব্বার বাঁশ দিয়ে মামুনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ ওঠে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, শনিবার রাতে ওই কিশোরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।