রংপুরে ‘শহীদ আবু সাঈদ’ হাসপাতালের কার্যক্রম শুরু

রংপুরে ‘শহীদ আবু সাঈদ’ হাসপাতালের কার্যক্রম শুরু

সংগৃহীত

রংপুর জেলার একটি হাসপাতালকে সংস্কার করে ‘শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল’ নামে মা ও শিশু’র প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করা হয়েছে। 

রোববার দুপুরে হাসপাতালের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী চৌধুরী।

‘শহীদ আবু সাঈদ’ মেমোরিয়াল হাসপাতালে রংপুর নগরীর লক্ষাধিক মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। সপ্তাহে ৩ দিন স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা দিবেন এবং প্রতিদিন চলবে শিশুদের নানা ধরনের টিকা কার্যক্রম। পর্যায়ক্রমে সিজারিয়ান অপারেশন কার্যক্রমসহ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার রায়, রংপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. কামরুজ্জামান ইবনে তাজ, ডা. ইসমত নিগার স্বপ্নাসহ অন্যরা। 

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, এখানে বিশেষজ্ঞ চিকিৎসক গর্ভবতী ও প্রসূতি মায়েদের চিকিৎসাসেবা দেবেন। প্রতিদিন এখানে টিকা কার্যক্রম চলছে। শিগগিরই  এখানে একজন শিশু ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা দিবেন।

তিনি বলেন, আমরা চাই প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে। সে লক্ষ্যে রংপুর নগরীর মাহিগঞ্জসহ আশপাশের তিনটি ওয়ার্ডের মা ও শিশুরা শহীদ আবু সাঈদ মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রাথমিক সেবা পাবেন। আগামীতে মাহিগঞ্জসহ আশপাশের এলাকার রোগীদের দূর্ভোগ কমবে। তাদের চিকিৎসাসেবা নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে হবে না।