২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু নেই

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে মৃত্যু নেই

প্রতিকি ছবি

দেশে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে কারো মৃত্যু হয়নি। তবে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১৭ জন।

সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা শূন্য।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৪৭ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৫২ জন মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৯৬ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৩২১। এই সময়ে ১ হাজার ২৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৩১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৯০৭, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ২৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ রোগী, যাদের মধ্যে ২ লাখ ২২ হাজার ১৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।