প্যারিসের শঁজেলিজেতে বড়দিনের আলোকসজ্জা উদ্বোধন
সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসের বিখ্যাত শঁজেলিজে অ্যাভিনিউতে বড়দিন উপলক্ষ্যে বর্ণিল আলোকসজ্জা শুরু হয়েছে। এর মধ্য দিয়ে প্যারিসজুড়ে বড়দিন ও নববর্ষের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ আলোকসজ্জার উদ্বোধন করা হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আলোকসজ্জার উদ্বোধন করেন বিশ্বখ্যাত অভিনেত্রী ক্যাট ব্ল্যানশেট। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের অতিথি, পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ফরাসি ব্যান্ড।
শঁজেলিজে অ্যাভিনিউয়ের প্রায় ৪০০টি গাছ বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে এবার শতভাগ এলইডি বাতি ব্যবহার করা হয়েছে। আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা ৫টা থেকে শুরু হয়ে সপ্তাহের সাধারণ দিনগুলোতে রাত ১২টা পর্যন্ত এবং সপ্তাহান্তে রাত ১টা পর্যন্ত চলবে।
এবার প্রায় ১০ বছর পর শঁজেলিজেতে ফিরেছে বড়দিনের বাজার। ২২ নভেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে এ বাজার। বাজারে রয়েছে বিভিন্ন খাবার, উপহারসামগ্রী, কারুশিল্প ও উৎসবের নানা আয়োজন।
প্রতিবছর বড়দিনের আলোকসজ্জা দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা প্যারিসে আসেন। শঁজেলিজের এই বর্ণিল আয়োজন ফ্রান্সের রাজধানীতে শীতকালীন পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত হয়।