শীতের আগেই ইউরোপে গ্যাসের বাজারে আগুন
সংগৃহীত ছবি
আসন্ন শৈত্যপ্রবাহের পূর্বাভাসে শীত মৌসুমে জ্বালানি সরবরাহ ঘাটতির আশঙ্কা বেড়েছে ইউরোপে। এর প্রভাবে সোমবার মহাদেশটির বাজারে প্রাকৃতিক গ্যাসের দাম এক লাফে সর্বোচ্চ ৮ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এতে শীতের সময় আবাসিক গ্রাহকদের জ্বালানি ব্যয় আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ইউরোপের গ্যাসের বেঞ্চমার্ক হিসেবে পরিচিত নেদারল্যান্ডসের আগামী মাসের সরবরাহের চুক্তির দাম সোমবার সর্বোচ্চ ৮ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ৯৬ দশমিক ০৮ ইউরোতে পৌঁছায়। পরে দাম ৪ শতাংশ বেড়ে ৯২ দশমিক ৫০ ইউরোতে স্থির হয়।
শীতকালে ইউরোপের উত্তর-পশ্চিমাঞ্চলে জ্বালানির চাহিদা সবচেয়ে বেশি থাকে। কিন্তু এবার সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে কাতার থেকে গ্যাস রফতানি কমে যাওয়া। পাশাপাশি দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের সময় শীতাতপনিয়ন্ত্রণ ও হিমায়ন ব্যবস্থায় বেশি গ্যাস ব্যবহারের কারণে গ্রীষ্মেই মজুত কমেছে।
বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলোতে মজুত রয়েছে ধারণক্ষমতার প্রায় ৬৯ শতাংশ। অথচ এ সময়ে সাধারণত মজুত থাকে প্রায় ৮০ শতাংশ।
যুক্তরাজ্যের জ্বালানি ব্যবস্থা পরিচালনাকারীরা বলছেন, শীতের সবচেয়ে ঠান্ডা সময়েও দেশটির গ্যাস ও বিদ্যুতের চাহিদা মেটানোর মতো সরবরাহ থাকবে। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি দামে বাজার থেকে গ্যাস আমদানি করায় এ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। তবে এর ফলে শীতে ব্রিটিশ পরিবারগুলোকে ইউরোপের অন্যতম সর্বোচ্চ জ্বালানি বিল গুনতে হতে পারে।
যুক্তরাজ্যের জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম চলতি সপ্তাহে জানুয়ারি থেকে তিন মাসের জন্য জ্বালানির মূল্যসীমা ২৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিতে পারে। এতে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারকারী একটি গড় পরিবারের বার্ষিক বিল ৪৪৩ পাউন্ড বাড়তে পারে। এটি হবে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় ত্রৈমাসিক মূল্যবৃদ্ধি।
দাতব্য সংস্থা সিটিজেনস অ্যাডভাইসের প্রধান নির্বাহী ক্লেয়ার মরিয়ার্টি বলেছেন, জীবনযাত্রার ব্যয়সংকটে বহু পরিবারের সঞ্চয় ও ব্যয়ের সক্ষমতা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে ২ কোটি পরিবারকে ১০০ পাউন্ড করে সহায়তা দেওয়ার উদ্যোগকে স্বাগত জানালেও সবচেয়ে বেশি সংকটে থাকা মানুষের জন্য তা যথেষ্ট হবে না বলে সতর্ক করেছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান