ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
ছবিঃ সংগৃহীত।
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী রিয়াজ আহমেদ ওরফে ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা।
প্রাথমিক তদন্তে এ তথ্য নিশ্চিত হয়ে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ফতুল্লা মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক বাদী হয়ে মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে হামলার সময় আনোয়ার মোল্লার সঙ্গে থাকা শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এলাকাবাসী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদর থানার শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা অবস্থায় সাদাপোশাকে তারা ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসা এলাকায় কী কারণে গিয়েছিলেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দেওভোগ মাদ্রাসা এলাকায় পুলিশের তেমন তৎপরতা না থাকায় সেখানে প্রকাশ্যেই চলে ডেভিড বাহিনীর মাদক ব্যবসা। এ বাহিনীতে নারী, পুরুষ ও কিশোরসহ অন্তত অর্ধশতাধিক মাদক বিক্রেতা রয়েছে। তারা দেওভোগ বাঁশমুলি ও হাসেমবাগসহ আশপাশের এলাকায় প্রকাশ্যে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে। ভয়ে এলাকাবাসী এর প্রতিবাদ করতে পারেন না।
এছাড়া ডেভিড ও তার বাহিনীর সদস্যরা সাধারণ বাসিন্দাদের নানাভাবে হয়রানি ও বাড়িঘর নির্মাণে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাদের অত্যাচারে অনেকেই বাড়িঘর ভাড়া দিয়ে অন্যত্র বসবাস করছেন।
এলাকাবাসী আরও জানান, গত শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে দেওভোগ মাদ্রাসার সামনে কিছু লোককে দৌড়াতে দেখেন তারা। কিছুক্ষণ পর জানতে পারেন, মাদ্রাসার পেছনে হাসেমবাগ এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে জানা যায়, নিহত ব্যক্তি পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, নিহত কনস্টেবল আনোয়ার মোল্লা ঢাকার নবাবগঞ্জ থানার দত্তখণ্ড গ্রামের জহুর মোল্লার ছেলে। গ্রামে তার স্ত্রী কল্পনা আক্তার ও দুই সন্তান আনিকা (৭) ও ইব্রাহিম (২) বসবাস করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে জানাজা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে গ্রামের বাড়িতে তার লাশ দাফন করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।