সোনারগাঁয়ে মৎস্যজীবী দল নেতার বাড়িতে গুলি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে গুলি ও তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ঘটনাটি সাজানো নাটক বলে দাবি করেছেন অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদার।
রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী সামির হোসেনের অভিযোগ, সন্ধ্যার দিকে তায়েব শিকদারের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে তার বাড়ির সামনে আসে। এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরে তার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েঠে।
সামির হোসেন বলেন, ‘তায়েব শিকদারের নেতৃত্বে লোকজন এসে আমার বাড়িতে হামলা করে। তারা দুই রাউন্ড গুলি ছোড়ে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। আমার বাবা-মাকে হুমকি দেওয়া হয়েছে। এর আগেও আমার ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছেন তায়েব শিকদার।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, ‘মৎস্যজীবী দলের নেতার বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’