আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েড

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ওয়েড

ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। জাতীয় দলকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন অধ্যায়ে নাম লিখিয়েছেন তিনি। তাকে দেখা যাবে কোচিংয়ে।

অবসর ঘোষণা দেওয়ার পরপরই অস্ট্রেলিয়া জাতীয় দলে সহকারী কোচের চাকরিও পেয়ে গেছেন ৩৬ বছর বয়সী ওয়েড। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করবেন দলটির সাবেক অধিনায়ক।

এছাড়া ওয়ানডে সিরিজেও কোচিং স্টাফে থাকবেন ওয়েড। আগামী সোমবার (৪ নভেম্বর) ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ১৪ নভেম্বর শুরু হবে টি-২০ সিরিজ।

ওয়েড ১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচটি খেলেছেন গত জুনে, টি-২০ বিশ্বকাপে। এর আগে গত মার্চে লাল বলের ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে ৩৬ টেস্ট, ৯৭ ওয়ানডে ও ৯২ টি-২০ খেলেছেন ওয়েড। সবশেষ টেস্ট ও ওয়ানডে খেলেছেন তিনি ২০২১ সালে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও তিনি বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন।

টেস্টে চার সেঞ্চুরিতে ১ হাজার ৬১৩, ওয়ানডেতে একটি সেঞ্চুরিতে ১ হাজার ৮৬৭ রান ২৬.২৯ গড়ে আর টি-২০তে ১ হাজার ২০২ রান করেছেন ওয়েড।