ঢাবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. শামীম রেজা

ঢাবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান ড. শামীম রেজা

সংগৃহীত

দীর্ঘ প্রায় আড়াই বছর পর নিজস্ব শিক্ষকের নেতৃত্বে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সামাজিক বিজ্ঞান অনুষদের পর পর ৫ জন ডিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে অবশেষে বিভাগ থেকেই নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিনিয়র শিক্ষক ড. এস. এম. শামীম রেজা। সোমবার (২৩ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে এ দায়িত্ব হস্তান্তর করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন চেয়ারম্যান ড. এস. এম. শামীম রেজার নিকট আনুষ্ঠানিকভাবে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সুনির্দিষ্ট নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৫ জুন ২০২৪ তারিখ থেকে দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে কোনো স্থায়ী বা নিজস্ব বিভাগীয় চেয়ারম্যান ছিলেন না। এ সময়ে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সামাজিক বিজ্ঞান অনুষদের ৫ জন ডিন পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করছে, এই দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে বিভাগে দীর্ঘদিনের পর নেতৃত্বের ধারাবাহিকতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হলো। নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের ফলে শিক্ষা, গবেষণা, বিভাগীয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সার্বিক প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।