বরিশালে ইঁদুর নিধনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২০ হাজার
সংগৃহীত ছবি
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই”-এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে চলছে ইঁদুর নিধন অভিযান। এ উপলক্ষে মঙ্গলবার (২৯ অক্টোবর) বরিশাল জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
বরিশাল কৃষি সম্প্রসারনে উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন ‘প্রতি বছর বিশ্বের অনেক ফসল ইঁদুরের জন্য নষ্ট হয়। বাংলাদেশও এর বাহিরে নয়। তাই আমরা কোনওভাবেই খাবার অপচয় করবো না এবং কৃষি উৎপাদনের সাথে আমাদের সবার সম্পৃক্ত হতে হবে। যা আমাদের বিদেশ থেকে খাবার আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করবে।’
সভায় সভাপতিত্ব করেন ছিলেন বরিশালের কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মুরাদুল হাসান। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠনের শিক্ষার্থী ও জেলার বিভিন্ন কৃষিজীবী মানুষ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, গত ১০ অক্টোবর থেকে শুরু হওয়া ইঁদুর নিধন অভিযান আগামী ৯ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। এবারের জাতীয় ইঁদুর নিধন অভিযানে ইঁদুর নিধনের লক্ষ্যমাত্রা ৩ লাখ ২০ হাজার। এর মাধ্যমে প্রায় ২ হাজার ৫৬০ মেট্রিক টন খাদ্য শস্য রক্ষা করা সম্ভব হবে। গত সেপ্টেম্বরে বরিশাল জেলায় ৯০ হাজার ৫০০ ইঁদুর নিধন করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, ইঁদুর আমাদের বৈশ্বিক জীববৈচিত্রের একটি অংশ। তাই ইঁদুর দমনের পদ্ধতি হতে হবে পরিবেশ সম্মত, যাতে অন্যন্য উপকারী জীবের কোনও ক্ষতি না হয়।