সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

সচিব নজরুল ইসলামের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাৎ

ফাইল ছবি

জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ সোমবার (২৩ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি অনুবিভাগের সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে সচিব বাংলাদেশে জাতিসংঘের বিশেষ দূতকে স্বাগত জানান এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

তিনি মেয়েদের জন্য স্নাতক পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা জোরদারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। এ ছাড়া প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণে সরকারের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন।

সচিব আশা প্রকাশ করেন, বিশেষ দূতের এ সফরের মাধ্যমে শিক্ষার অধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে গঠনমূলক সংলাপ ও অর্থবহ মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। সফর শেষে তার পর্যবেক্ষণ ও সুপারিশ দেশের শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে সরকারের চলমান প্রচেষ্টায় সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বিশেষ দূতের সফরে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন সচিব।

জবাবে ফারিদা শহীদ বাংলাদেশ সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও সফর আয়োজনে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। বাংলাদেশের শিক্ষা নীতি, উদ্যোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। সফরকালে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে গঠনমূলক মতবিনিময়ের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শিক্ষার অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে এটিই ফারিদা শহীদের প্রথম বাংলাদেশ সফর।

সফরকালে তিনি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন এবং নাগরিক সমাজের সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত ফারিদা শহীদ ১২ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এ সফর চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।