কিশোর গ্যাংয়ের তৎপরতায় আতঙ্কে নেত্রকোনাবাসী
ছবি: সংগৃহীত
নেত্রকোনা শহরে কিশোর গ্যাংয়ের তৎপরতায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। সন্তানদের নিয়ে চলাচল করতেও উদ্বেগে থাকেন অভিভাবকেরা। এর মধ্যে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছে দুই স্কুলছাত্র। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পৌর শহরের সার্কিট হাউস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই শিক্ষার্থী হলো কালেক্টরেট উচ্চবিদ্যালয়ের মো. রায়হান (১৩) ও তার সহপাঠী আপন। রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা, আহত শিক্ষার্থীদের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পাঁচটার দিকে বিদ্যালয় ছুটির পর বাড়ি ফিরছিল রায়হান ও আপন। সার্কিট হাউস মোড়ে পৌঁছালে কয়েকজন কিশোর তাদের পথরোধ করে। একপর্যায়ে রায়হানের ওপর হামলা চালিয়ে তাকে রাস্তায় ফেলে বেল্ট, সাইকেলের চেইনসহ বিভিন্ন বস্তু দিয়ে মারধর করা হয়। এতে দুই শিক্ষার্থীই মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় কিশোরদের দলবদ্ধ আড্ডা দেখা যায়। এর মধ্যে পৌরসভার পেছনে দুর্বার গোষ্ঠীর সামনে, বুকুলতলা চত্বর, মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির সামনে, মহিলা কলেজের পেছনে, কালেক্টরেট মাঠ, কো-অপারেটিভ ব্যাংকের গলি, নাগড়া ফুট ওভারব্রিজ, সাতপাই স্টেডিয়াম ও কাটলিসহ বিভিন্ন এলাকায় তাদের আড্ডা চলে। এসব দলের সামনে দিয়ে চলাচল করতে শিশু-কিশোরদের পাশাপাশি বড়রাও ভয় পান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনাও ঘটে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়দের ভাষ্য, মোক্তারপাড়া ও কাটলি এলাকার কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবারের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগর, আরাফাত ও লাবিব নামের তিনজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
চিকিৎসাধীন রায়হান জানায়, হামলাকারীদের সঙ্গে তার কোনো বিরোধ ছিল না। কোনো কারণ ছাড়াই তাকে মারধর করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, হামলায় জড়িত কয়েকজনের নাম-পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। হামলাকারীরা সবাই স্কুলপড়ুয়া শিক্ষার্থী বলেও জানান তিনি।