৩৫ কোটি টাকার নার্সিং কলেজ চলছে এক প্রশিক্ষকে

৩৫ কোটি টাকার নার্সিং কলেজ চলছে এক প্রশিক্ষকে

ছবি: সংগৃহীত

৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত অবকাঠামো, চারটি শিক্ষাবর্ষে ২০০ শিক্ষার্থী; অথচ পাঠদান চলছে মাত্র একজন প্রশিক্ষক দিয়ে। সাতটি ল্যাব থাকলেও চালু হয়নি একটিও। লাইব্রেরিতে নেই প্রয়োজনীয় বই। জনবল সংকটের পাশাপাশি সরকারি উপবৃত্তি থেকেও বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এমন নানা সংকটে ধুঁকছে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার আলহাজ আব্দুর রাজ্জাক নার্সিং কলেজ।

২০২৩ সালের নভেম্বরে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া সরকারি এ নার্সিং কলেজের অবকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৫ কোটি টাকা। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করেছে চারতলা একাডেমিক ভবন, ২৭৮ শয্যার পাঁচতলা ছাত্রী হোস্টেল, দোতলা গ্যারেজ ও বিদ্যুতের সাবস্টেশন। কিন্তু প্রয়োজনীয় জনবল ও শিক্ষা উপকরণের অভাবে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

কলেজটিতে বর্তমানে চারটি ব্যাচে শিক্ষার্থী রয়েছেন ২০০ জন। প্রতি শিক্ষাবর্ষে ৫০ জন করে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হন শিক্ষার্থীরা। তাদের ৯০ শতাংশ ছাত্রী এবং ১০ শতাংশ ছাত্র। একজন প্রশিক্ষকেই ২০০ শিক্ষার্থী।

কলেজ সূত্র জানায়, প্রতিষ্ঠান পরিচালনার জন্য অধ্যক্ষ, উপাধ্যক্ষ, নার্সিং ইনস্ট্রাক্টর, প্রভাষক, লাইব্রেরিয়ান, ল্যাব সহকারীসহ বিভিন্ন পদে জনবল প্রয়োজন। কিন্তু এখনো জনবলকাঠামো অনুমোদন না হওয়ায় নিয়োগ বা পদায়ন হয়নি।

বর্তমানে অন্য দুটি প্রতিষ্ঠান থেকে সংযুক্তিতে আসা দুজনের মাধ্যমে চলছে কলেজের কার্যক্রম। অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তা জাহিদ হোসেন। আর
একমাত্র নার্সিং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন গাজীপুরের সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ থেকে আসা অসীমা রানী দাস সরকার।

তিনি বলেন, চার ব্যাচের ২০০ শিক্ষার্থীর মধ্যে নিয়মিত ক্লাসে আসেন ১৫৭ জন। একজনের পক্ষে এত শিক্ষার্থীর পাঠদান পরিচালনা করা অত্যন্ত কঠিন। শিক্ষার্থীদের যে পরিমাণ শিক্ষা দেওয়ার কথা, তার ২০
শতাংশও দেওয়া সম্ভব হচ্ছে না। এভাবে চলতে থাকলে তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হবে।

তৃতীয় ব্যাচের শিক্ষার্থী বৃষ্টি রানী শীল বলেন, ভর্তির সময় কলেজে প্রয়োজনীয় শিক্ষক ও সুযোগ-সুবিধার অভাব সম্পর্কে তারা জানতেন না। সার্টিফিকেট পেলেও প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবেন কি না, তা নিয়ে উদ্বিগ্ন তারা।

শিক্ষার্থী রিয়াজুল ইসলাম বলেন, কোর্সের গুরুত্বপূর্ণ অংশ ল্যাবে ব্যবহারিক শিক্ষা নেওয়া। কিন্তু ল্যাব চালু না থাকায় সেই সুযোগ পাচ্ছেন না তারা। উপবৃত্তি থেকেও বঞ্চিত ২০০ শিক্ষার্থী কলেজের শিক্ষার্থীদের জন্য সরকারি উপবৃত্তির ব্যবস্থা থাকলেও অর্থনৈতিক কোড নম্বর না থাকায় তা পাচ্ছেন না কেউ। নিয়ম অনুযায়ী প্রথম বর্ষে মাসে ১ হাজার ৭০০, দ্বিতীয় বর্ষে ১ হাজার ৮০০ এবং তৃতীয় বর্ষে ১ হাজার ৯০০ টাকা করে উপবৃত্তি পাওয়ার কথা।

শিক্ষার্থী আনিসা তাহসিন বলেন, পড়াশোনার সব খরচ নিজেদের বহন করতে হচ্ছে। ডামুড্যা ছোট উপজেলা শহর হওয়ায় টিউশনি বা বিকল্প আয়ের সুযোগও সীমিত। অনেক কষ্টে পড়াশোনার খরচ চালাতে হচ্ছে। উপবৃত্তি পেলে তাদের আর্থিক চাপ কিছুটা কমত।

কলেজের কক্ষে ইভিএম শিক্ষা কার্যক্রমের সংকটের মধ্যেই কলেজটির লাইব্রেরিসহ ছয়টি কক্ষে রাখা হয়েছে নির্বাচন কার্যালয়ের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এতে প্রয়োজনীয় শিক্ষা কার্যক্রম ও পরিবেশ ব্যাহত হচ্ছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাউদ্দিন আইয়ুবী বলেন, নির্বাচন কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে ইভিএমগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। লোকবল ও শিক্ষা সরঞ্জামের সংকট নিরসনে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ করা হচ্ছে।

চিঠি দিয়েও মিলছে না সমাধান কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জাহিদ হোসেন গত আগস্টে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দিয়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন সংকট তুলে ধরেছেন।

তিনি বলেন, এভাবে একটি প্রতিষ্ঠান চলতে পারে না। এখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের কতটুকু শেখানো সম্ভব হচ্ছে, সেটিও বড় প্রশ্ন। সংকট সমাধানে অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কলেজটির অবকাঠামো থাকলেও শিক্ষক, জনবল, শিক্ষা উপকরণ ও আর্থিক সুবিধার অভাবে ব্যাহত হচ্ছে নার্সিং শিক্ষা।

শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দ্রুত জনবল নিয়োগ, সাতটি ল্যাব চালু, লাইব্রেরিতে প্রয়োজনীয় বই সরবরাহ এবং উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করা হোক। অন্যথায় দক্ষ নার্স ও মিডওয়াইফারি কর্মী তৈরির লক্ষ্যই বাধাগ্রস্ত হবে।