মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দালালসহ আটক ১৪
প্রতিকি ছবি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন দালালসহ ১৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ সময় দালালদের কাছ থেকে ভারতীয় ৯৬টি যৌন উত্তেজক ট্যাবলেট ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পিপুলবাড়িয়া গ্রামের পাকা সড়কে বিশেষ টহল পরিচালনা করেন বিজিবি সদস্যরা। নায়েব সুবেদার ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে এ অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী সন্দেহে স্থানীয় হাসেম আলী (৫৫) ও শাহাব উদ্দিন (৫০) নামে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকেই যৌন উত্তেজক ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন রাত ৮টা ২০ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খোসালপুর গ্রামের একটি করাতকল থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আটজনকে আটক করে বিজিবি। হাবিলদার নাছির উদ্দীনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুজন শিশু রয়েছেন।
আটক পুরুষরা হলেন খুলনার তেরখাদা উপজেলার বারাসাত গ্রামের লিয়াকত সরদার (৬০), তাঁর ছেলে ইমাম সরদার (২৬) এবং দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের মহিদুল শেখ (৪৮)।
এদিকে, একই দিন রাত ৯টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় থেকে আরও দুজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। নায়েব সুবেদার জাকির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামের রাজীব চন্দ্র দেবনাথ (৩০) এবং হাতিয়া উপজেলার উত্তর রহনিয়া গ্রামের বিকাশ চন্দ্র মজুমদার (৪৭)।
এ ছাড়া মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামের একটি কমলা বাগানের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও এক বাংলাদেশি নারীকে আটক করে বিজিবি।
৫৮ বিজিবি জানায়, পৃথক অভিযানগুলোতে আটক দুই সন্দেহভাজন দালাল এবং সীমান্ত পারাপারের চেষ্টাকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।