এনসিপি নেতা আবু বাকেরকে হত্যার হুমকি, বাড়ির পাশে মিলল কাফনের কাপড়
ছবিঃ সংগৃহীত।
কুমিল্লার বরুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তাঁর গ্রামের বাড়ির পাশে একটি বাক্সে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকিমূলক চিরকুট পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে তাঁর পরিবারের সদস্যরা বাক্সটি দেখতে পান। আবু বাকের মজুমদারের অভিযোগ, তাঁকে হত্যার হুমকি দেওয়ার উদ্দেশ্যেই এসব সামগ্রী রেখে গেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, বাড়ির পাশে দাফনের কাপড় রেখে গেছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি আবারও বিভিন্ন নিষিদ্ধ কর্মকাণ্ডের মাধ্যমে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া কিংবা হত্যার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। তবে এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেননি তিনি।
আবু বাকেরের বড় ভাই আবু বকর সজিব বলেন, সকালে বাড়ির পাশে বাক্সটি দেখতে পান তাঁরা। পরে বাক্সটি খুলে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাওয়া যায়। বিষয়টি বরুড়া থানার ওসির হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি ও ভিডিওসহ পাঠানো হয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, বাক্সের ভেতরে থাকা চিরকুটে বাড়িতে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আবু বাকের ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বরুড়া উপজেলা এনসিপি। একই সঙ্গে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করতে আসেননি।